ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভৈরবে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, দোকান ভাঙচুর

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৬, ৬ নভেম্বর ২০২৬
ভৈরবে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, দোকান ভাঙচুর
ভৈরব দুই পক্ষের সংঘর্ষ। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে পূর্ববিরোধ ও কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় চার থেকে পাঁচটি দোকান ভাঙচুর করা হয়েছে। আহতদের মধ্যে রাহাদ নামের এক যুবকের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় এ সংঘর্ষ চলে। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার মীরবাড়ির সিরাজ মিয়ার ছেলে মাওলানা শাহরিয়ার এবং আমজাদ আলীর বাড়ির দুলাল মিয়ার ছেলে রায়হান মিয়ার মধ্যে একটি বিষয় নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করলেও এর জেরে সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় চার থেকে পাঁচটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত রাহাদকে ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদ, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, দুপুরে শাহরিয়ার ও রায়হান নামের দুই যুবকের মধ্যে একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করেন। কিন্তু সন্ধ্যায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও কেএম মামুনুর রশীদ বলেন, সম্প্রতি ভৈরব শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা বাড়ছে। এসব ঘটনা এড়াতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা প্রয়োজন। এ ক্ষেত্রে স্থানীয় নেতাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!