নালিতাবাড়ীতে জাতীয় সমবায় দিবস উদযাপন
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে শেরপুরের নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুম ‘তেপান্তর’-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আমির হোসেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবীর, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি হুমায়ুন কবির, বিআরডিবি চেয়ারম্যান এমএ রায়হান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলামসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা।
আলোচনা সভায় সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমৃদ্ধ সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।