আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল ও একটি লোহার দা উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের আরও ১০ থেকে ১২ সদস্য পালিয়ে যায়।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ এ তথ্য জানায়। এর আগে ভোরে পৌর শহরের রাধানগর কলেজপাড়া এলাকায় মহাশ্মশানের উত্তর পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর শহরের রাধানগর এলাকার আবুল কালাম হাজারীর ছেলে তোফাত হাজারী তোফা, নারায়ণপুর এলাকার মৃত নুরুল আলমের ছেলে সজিব মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের মিন্টু মিয়ার ছেলে মো. রুমি মিয়া।
পুলিশ জানায়, ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, রাধানগর কলেজপাড়া এলাকার মহাশ্মশানের উত্তর পাশে রাসেল মিয়ার বাড়ির সামনে পাকা সড়কে ১৫ থেকে ১৬ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়েছে। তারা সড়কে চলাচলকারী যানবাহন ও আশপাশের বাসাবাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
খবর পেয়ে আখাউড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। এ সময় বাকিরা পালিয়ে যায়।
পরে গ্রেপ্তার তোফাত হাজারী তোফার কাছ থেকে স্টিলের হাতলযুক্ত একটি চাইনিজ কুড়াল, সজিব মিয়ার কাছ থেকে প্লাস্টিকের হাতলযুক্ত একটি চাইনিজ কুড়াল এবং রুমি মিয়ার কাছ থেকে কাঠের বাটযুক্ত একটি লোহার দা উদ্ধার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।