৫-৭ টাকায়ও বিক্রি হচ্ছে না মুলা, বাজারেই ফেলে যাচ্ছেন কৃষক
সিরাজগঞ্জের কাজীপুরে উৎপাদন খরচ না ওঠায় ক্ষোভে বাজারেই মুলা ফেলে যাচ্ছেন কৃষকেরা। সোনামুখী, ঢেকুরিয়া ও মেঘাই বাজারে উৎপাদিত মুলা বিক্রি করতে এসে এমন পরিস্থিতির মুখে পড়ছেন তারা। কয়েক দিন আগেও যে মুলা প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে, এখন তা বিক্রি হচ্ছে মাত্র ৫ থেকে ৭ টাকায়।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুলা উৎপাদনে জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাবদ উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয়েছে। কিন্তু বর্তমানে বাজারে যে দাম পাওয়া যাচ্ছে, তাতে উৎপাদন খরচের সামান্য অংশও উঠছে না। ফলে লোকসানের আশঙ্কায় অনেকে বাজারেই মুলা ফেলে রেখে যাচ্ছেন।
তালগাছি গ্রামের কৃষক আজহার আলী বলেন, বর্তমানে মুলা বিক্রি করে লাভ তো দূরের কথা, সার ও কীটনাশক কেনার খরচও উঠছে না। অনেক কষ্ট করে ফসল উৎপাদন করেও ন্যায্য দাম না পাওয়ায় কৃষকেরা হতাশ হয়ে পড়েছেন।
সোনামুখী ও মেঘাই বাজারে মুলা বিক্রি করতে আসা কৃষক আব্দুস সবুর ও আবেদ আলী বলেন, বর্তমানে প্রতি কেজি মুলা ৫ থেকে ৭ টাকা এবং পেঁপে ৫ থেকে ৭ টাকায় বিক্রি হচ্ছে। অথচ বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি মিলিয়ে উৎপাদন খরচ অনেক বেশি। এভাবে চলতে থাকলে কৃষকদের বড় ধরনের লোকসান গুনতে হবে।
জহির উদ্দিন নামে আরেক কৃষক বলেন, সবজির দাম বাড়লে প্রশাসন বাজারে অভিযান চালায়। কিন্তু এখন মুলা ও পেঁপের দাম তলানিতে। এ অবস্থায় কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে প্রশাসন কী ব্যবস্থা নেবে, সেই প্রশ্নও রাখেন তিনি।
কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় মুলা, পেঁপেসহ অন্যান্য শাকসবজির ভালো ফলন হয়েছে। এতে পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ বেড়েছে এবং দামের ওপর প্রভাব পড়েছে। কম দামে পণ্য কিনতে পেরে ক্রেতারা খুশি হলেও উৎপাদনকারী কৃষকেরা ক্ষতির মুখে পড়েছেন।