ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

লোহাগড়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক দুই

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৪, ১৬ নভেম্বর ২০২৬
লোহাগড়ায় ইয়াবা ও  গাঁজাসহ আটক দুই
ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত লোহাগড়া উপজেলার নোয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নোয়াপাড়া গ্রামের কালাম শেখ (৫৫) ও মিলন সর্দার (৩৫)। অভিযানে কালাম শেখের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মিলন সর্দারের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বিকেলে ডিনএনসি নড়াইল কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করেন। এসময় কালাম শেখের কাছ থেকে ২৫ পিস ইয়াবা এবং মিলন সর্দারের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন কুমার রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে বিচারক কালাম শেখকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং মিলন সর্দারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার ঢাকা মেইলকে বলেন, আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেল-জরিমানা করেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/লোহাগড়া/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!