ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
পঞ্চগড় সীমান্তে সাড়ে ৬ হাজার ট্যাপেন্টাডলসহ আটক ২
পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের চটিপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বোদা উপজেলার বগদুলঝুলা নুরপাড়া গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মো. রাশেদ (২৬) ও একই গ্রামের শাহ আলমের ছেলে মো. বোরহান (১৭)।
নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঠাকুরগাঁও সেক্টরের অধীন ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদের পরিকল্পনা ও নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। বড়শশী বিওপির হাবিলদার মো. মমিনুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি নিয়মিত টহল দল সীমান্তের মেইন পিলার ৭৭৬ থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চটিপাড়া এলাকায় অবস্থান নেয়।
এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। তাঁদের কোমরে স্কচটেপ দিয়ে পেঁচানো এবং সঙ্গে থাকা মোটরসাইকেলের বিভিন্ন গোপন স্থানে লুকানো অবস্থায় ৬ হাজার ৪০০ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। এগুলো পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে জানায় বিজিবি।
অভিযানে একটি পুরোনো পালসার মোটরসাইকেল, একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ম্যাক্সিমাম বাটন ফোন ও দুটি গ্রামীণ সিম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ২১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সীমান্তে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।