ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ২১৩৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৫, ২০ আগস্ট ২০২৩
ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ২১৩৪
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৩৪ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৬ জনে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন ঢাকার আর ৪ জন ঢাকার বাইরের।

এতে আরো বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৩৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৫ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৪৯ জন।

চলতি বছর মারা যাওয়া ৪৭৬ জনের মধ্যে ঢাকার ৩৫৭ জন এবং ঢাকার বাইরের রয়েছেন ১১৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৫৮২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫৩২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৯৯ হাজার ৯৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৮ হাজার ৪৫৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৫১ হাজার ৫৩৮ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৯৩৬ জন। এর মধ্যে ঢাকার ৪৪ হাজার ৫৬৭ জন এবং ঢাকার বাইরে ৪৭ হাজার ৩৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!