সোনার স্পট মূল্য বৃদ্ধি শূন্য দশমিক ৪ শতাংশ
আন্তর্জাতিক বেঞ্চমার্ক সোনার স্পট মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। ফলে প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৯৭ ডলার ৫৯ সেন্টে। যুক্তরাষ্ট্রের ডলারের দর কমেছে। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে সোনা। মূলত এতেই সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
ঐ প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে বৈঠকে বসবেন ইউএস ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি-নির্ধারকরা। এর আগে দেশের সবশেষ অর্থনীতি প্রকাশ করবে মার্কিন সরকার। আপাতত সেদিকে মনোনিবেশ করেছেন বিনিয়োগকারীরা।
.png)
যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার সরবরাহ মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০০৬ ডলার ৬০ সেন্টে।
এদিন প্রধান ৬ মুদ্রার বিপরীতে গ্রিনব্যাক সূচক অপরিবর্তিত আছে। বর্তমানে তা ১০১ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে যা শূন্য দশমিক ৩৯ শতাংশ পতন ঘটে।
মারেক্সের ধাতু বিশেষজ্ঞ এডওয়ার্ড মেয়ার বলেন, পরবর্তী ফেড বৈঠকে নজর রাখছেন ব্যবসায়ীরা। পাশাপাশি মার্কিন ঋণের সর্বোচ্চ সীমা নিয়ে আলোচনায় দৃষ্টি দিচ্ছেন তারা। এতে নিরাপদ আশ্রয় ডলারে তাদের বিনিয়োগ কমেছে। বিপরীতে সোনায় বেড়েছে। ফলে দামি ধাতুটির দামে উলম্ফন ঘটেছে।