[ অর্থনীতি ]
দেশে এলো ১ হাজার ৮০০ টন পেঁয়াজ
ফাইল ফটো
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গত ২ দিনে সাড়ে ৮ কোটি টাকা মূল্যের প্রায় ১ হাজার ৮০০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে এসেছে। গত ১৯ আগস্ট ভারত সরকারের ৪০ শতাংশ শুল্ক আরোপের পর সোমবার থেকে হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়।
মঙ্গলবার হিলি স্থলবন্দরের অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২১ ও ২২ আগস্ট ৫৯টি ভারতীয় ট্রাকে এসব পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করে এবং টন প্রতি পেঁয়াজের দাম ৪৮ হাজার টাকা। আরো পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে।
তিনি আরো বলেন, আমদানি করা পেঁয়াজ দ্রুত খালাস ও বাজারে সরবরাহ নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ কাজ করছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি গ্রুপের সভাপতি হারুন অর রশীদ বলেন, শুল্ক বাড়ানোর পর আমদানিকারকরা প্রতি কেজিতে ৭ থেকে ৮ টাকা দাম বাড়াচ্ছেন। আমদানি করা পেঁয়াজ স্থানীয় বাজারে এলে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ৫০-৫৫ টাকায় নেমে আসবে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!