ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

মাছ-মাংস আগের দামে, বৃষ্টির অজুহাত সবজিতে

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩, ১৩ অক্টোবর ২০২৩
মাছ-মাংস আগের দামে, বৃষ্টির অজুহাত সবজিতে
ছবি: ডেইলি বাংলাদেশ

কয়েকদিনের বৃষ্টিতে শীতের আগাম সবজি নষ্ট হওয়ার অজুহাতে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সবজির দাম। একই সঙ্গে বাড়তি ডিম ও মুরগির দামও। কমেনি চাল, ডাল, আটা ও সয়াবিন তেলের দাম। তবে গরু ও খাসির মাংস এবং বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে কিছুটা আগের দামেই।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর, পলাশী, নিউমার্কেট, কাঁঠালবাগান ও মগবাজারের পাইকারি ও খুচরা বাজার ঘুরে ও ক্রেতা-ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজারে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। লম্বা সাদা রঙের বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। আর বেগুনি রঙের গোল বেগুনের দাম ১৪০ থেকে ১৫০ টাকা কেজি। অন্যান্য সবজির মধ্যে টমেটো ও গাজর বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা। করলা, ধুন্দুল, ঝিঙে, কাঁকরোল, চিচিঙ্গা, কচুর মুখী, কচুর লতি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি। পটোল ও ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি। সবচেয়ে সস্তা সবজি পেঁপে, প্রতি কেজির দাম পড়ছে ৩০ থেকে ৪০ টাকা। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা কেজি।

ফার্মের মুরগির বাদামি ডিমের ডজন ১৫৫ থেকে ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। সাদা ডিম একটু কমে পাওয়া যাচ্ছে। ব্রয়লার মুরগি ২০০-২১০ টাকা চাওয়া হচ্ছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩৩০ টাকা কেজি। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১১০০ টাকায়। রুই, পাঙাশ ও তেলাপিয়ার দামে তেমন পরিবর্তন দেখা যায়নি।

দেশি পেঁয়াজ ৯৫ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!