ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

উধাও ডিম, টাস্কফোর্স দেখে দোকান ফেলেই পালালেন ব্যবসায়ীরা

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৬, ৯ অক্টোবর ২০২৪
উধাও ডিম, টাস্কফোর্স দেখে দোকান ফেলেই পালালেন ব্যবসায়ীরা
ছবি: সংগৃহীত

ডিম ও ব্রয়লার মুরগির দাম নিয়ন্ত্রণে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টাস্কফোর্স। টাস্কফোর্সকে আসতে দেখে দোকান ফেলেই পালিয়ে যান ডিম ব্যবসায়ীরা।

বুধবার ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে রাজধানীর কাপ্তান বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় ডিম লুকিয়ে রেখে খুচরা ব্যবসায়ীরা জানান, তাদের কাছে ডিম নেই। এ সময় অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যান।

ব্রয়লার মুরগির দোকানে অভিযান চালিয়ে কেজিপ্রতি বেশি দামে মুরগি বিক্রির জন্য এবং মূল্য তালিকা না রাখার কারণে রুহুল ট্রেডার্সকে ৫ হাজার এবং কাওসার ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, কাপ্তান বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি, সেক্রেটারি ও সদস্যদের বাজার নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সচেতন করতে এবং মূল্য তালিকা সংরক্ষণ করার জন্য মিটিং আয়োজনের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি একটি নির্দিষ্ট স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর গুরুত্বপূর্ণ ধারা সম্বলিত সাইনবোর্ড ৭ দিনের মধ্যে টানানোর জন্য বলা হয়েছে যেন ক্রেতা-বিক্রেতা ও জনগণ সচেতন হতে পারে।

টাস্কফোর্সের বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, ক্যাবের তথ্য কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!