ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

[ অর্থনীতি ]

মানি চেঞ্জারে একবারে ৩ হাজার ডলার কেনার সুযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০১, ৯ অক্টোবর ২০২৬
মানি চেঞ্জারে একবারে ৩ হাজার ডলার কেনার সুযোগ
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

বাংলাদেশি নাগরিকদের বিদেশে ভ্রমণের সুবিধার্থে বৈদেশিক মুদ্রা নগদায়নের ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ভ্রমণ কোটার আওতায় অনুমোদিত মানি চেঞ্জারগুলো একজন বিদেশগামী নাগরিকের কাছে একবারে সর্বোচ্চ তিন হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্যাশ (নোট ও কয়েন) বিক্রি করতে পারবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (FEPD-2) এ সংক্রান্ত একটি নতুন সার্কুলার জারি করে। পরবর্তীকালে কেন্দ্রীয় ব্যাংকের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজেও এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রকাশিত তথ্যানুযায়ী, পূর্বে অনুমোদিত মানি চেঞ্জারগুলোর মাধ্যমে একবারে সর্বোচ্চ দুই হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ অন্য বৈদেশিক মুদ্রা বিক্রি করার সীমা নির্ধারিত ছিল। নতুন এই নির্দেশনার ফলে নির্ধারিত সীমার মধ্য থেকে মার্কিন ডলার ক্রয়ের জন্য গ্রাহকদের আর ব্যাংকে যেতে হবে না, যা বিদেশগামীদের ভোগান্তি অনেকটাই কমিয়ে আনবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাৎসরিক ব্যক্তিগত ভ্রমণ কোটার (Travel Entitlement) অবশিষ্ট অংশ গ্রাহকদের চাহিদানুযায়ী অন্যান্য অবাধে বিনিময়যোগ্য বৈদেশিক মুদ্রায় এনডোর্স (Endorse) করার সুবিধা বহাল থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশগামী সাধারণ মানুষের লেনদেন সহজ করতে এবং বৈদেশিক মুদ্রার এনডোর্সমেন্ট প্রক্রিয়া অধিকতর সুবিধাজনক করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআর/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!