কয়রায় নাশকতার মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
খুলনার কয়রা উপজেলায় নাশকতার মামলায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
গ্রেপ্তাররা হলেন, কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. মোকলেছুর রহমান মিলন (৩০), উত্তর বেদকাশি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. আলফাজ হোসেন (৩০) ও বাগালি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হান্নান হোসেন মিন্টু (২২)। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়,গত ২২ সেপ্টেম্বর মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পরিচয়ে মো. সহিদ হোসেন বাদী হয়ে কয়রা থানায় নাশকতার অভিযোগে একটি মামলা করেন।মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৬ নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে দলটির আরও ১৬০ থেকে ১৭০ জনকে।এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানিয়েছেন, তারা তিনজন নাশকতার মামলার আসামী। গোপন সংবাদের মাধ্যমে তাদের অবস্থান জেনে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় এ পর্যন্ত মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহার ভুক্ত অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।