ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সেই শিক্ষক বরখাস্ত
রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার প্রতিষ্ঠানটির ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরী সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় তাকে প্রতিষ্ঠানটি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. দৌলিতুজ্জামান।
আরো পড়ুন: গোপালপুরে বিনামূল্যের ১০ হাজার পাঠ্যবই উধাও, শিক্ষা কর্মকর্তাকে শোকজ
.png)
তিনি বলেন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়ন ও হুমকি দেয়ার অভিযোগটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়ন সংক্রান্ত গঠিত কমিটিতে তদন্তাধীন রয়েছে। চাকরিবিধি অনুযায়ী এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তের পরিপ্রেক্ষিতে চাকরিবিধি অনুযায়ী পরবর্তীতে অন্য কার্যক্রমের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান অধ্যাপক ড. মো. দৌলিতুজ্জামান।
এর আগে দুপুরে অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে র্যাব।
হলি ফ্যামিলির ঐ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে এক ছাত্রী গত বুধবার উত্তরা পশ্চিম থানায় জিডি করেন। শিক্ষার্থী অভিযোগ করেন, পরীক্ষায় পাস না করিয়ে একই শিক্ষাবর্ষে অনেক বছর রাখার হুমকি দিয়ে ঐ শিক্ষক তাকে মেসেঞ্জারে খারাপ প্রস্তাব দেন। প্রাইভেট পড়ার জন্য তাকে বাসায় যেতে বলেন। কিন্তু বাসায় যেতে তিনি রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হুমকি দিচ্ছেন। তার অভিযোগ, গত বছরের সেপ্টেম্বর থেকে শিক্ষক তাকে খারাপ প্রস্তাব দিয়ে আসছেন। এতে তার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।