এসএসসি ২০২১: তলানি থেকে এক লাফে দ্বিতীয় সিলেট
এসএসসি পরীক্ষায় পাসের হারে গেল বছর দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে তলানিতে ছিল সিলেট। এবার এক লাফে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৭৮। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ১৭ দশমিক ৯৯।
বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। গেল বছর শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৭৯। এ বছর বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীও। সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন। গত বছর পেয়েছিল ৪ হাজার ২৬৩ জন।
এ বছর পাসের হারে সব শিক্ষা বোর্ডের শীর্ষে ময়মনসিংহ (৯৭ দশমিক ৫২)। এছাড়া ঢাকা বোর্ডে ৯৩ দশমিক ১৫, দিনাজপুরে ৯৪ দশমিক ৮০, যশোরে ৯৩ দশমিক ০৯, বরিশালে ৯০ দশমিক ১৯, রাজশাহীতে ৯৪ দশমিক ৭১, কুমিল্লায় ৯৬ দশমিক ২৭ ও চট্টগ্রাম বের্ডে পাস করেছে ৯১ দশমিক ১২ শতাংশ পরীক্ষার্থী। মাদরাসা শিক্ষা বোর্ডে ৯৩ দশমিক ২২ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৪৯।
.png)
সিলেট বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, গত ৯ বছরের মধ্যে এবারই সবচেয়ে ভালো ফলাফল হয়েছে। এবার বোর্ডের অধীনে ১৮৫ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ১৯ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ১৫ হাজার ৭০০ জন। তাদের মধ্যে ৫১ হাজার ৩৮৬ জন ছেলে ও ৬৪ হাজার ৩১৪ জন মেয়ে।
সিলেট শিক্ষা বোর্ডের জেলাভিত্তিক ফলাফলের পরিসংখ্যানে এবার শীর্ষে সুনামগঞ্জ আর তলানিতে হবিগঞ্জ।
ফলাফলে অগ্রগতি প্রসঙ্গে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল বলেন, গত বছরের চেয়ে এবার পাসের হার বেড়েছে ১৭ দশমিক ৯৯। গেল বছরের চেয়ে এবার বিজ্ঞান বিভাগে ৪ দশমিক ৮৩, মানবিকে ২২ দশমিক ৫ ও ব্যবসায় শিক্ষায় ৮ দশমিক ২৩ শতাংশ বেড়েছে পাসের হার। মানবিকে পাসের হার বৃদ্ধির জন্যই সিলেট বোর্ডে এবার সামগ্রিক ফলাফলে ইতিবাচক প্রভাব পড়েছে।