রাতের অন্ধকারে শাবিপ্রবির বাংলা বিভাগে দুর্বৃত্তের ধ্বংসযজ্ঞ
রাতের অন্ধকারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগে ধ্বংসযজ্ঞ চালায় এক দুর্বৃত্ত। গতকাল রাতে (৬ মার্চ) বিভাগের ফটোফ্রেম নষ্ট, সুপেয় পানির লাইন কেটে দিয়ে বিভাগের করিডোরে সৌন্দর্য বর্ধনের জন্য রাখা বেশ কিছু গাছের ক্ষতি করে ঐ দুর্বৃত্ত।
সোমবার বিভাগের সিসিটিভি ফুটেজ দেখে এ বিষয়টি শনাক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা।
তিনি বলেন, সিসিটিভি ক্যামেরায় দেখা যায় গত (৬ মার্চ) রাত ১১টায় বিভাগে এ ঘটনাটি ঘটেছে। আজ ঐতিহাসিক ৭ মার্চের দিনে বাংলা বিভাগে সকাল বেলা অফিস রুমে যে ধ্বংসযজ্ঞের মুখোমুখি আমরা হলাম, সেটা বিভাগের জন্য প্রবলভাবে নিরাপত্তাহীনতার মুখে দাঁড় করেছে। এই ঘটনার বিষয়ে আমরা প্রশাসনকে অবহিত করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
.png)
তিনি আরো বলেন, আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত দোষীকে চিহ্নিত করবেন এবং বিভাগসহ পুরো বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। দোষীদের শনাক্ত করার চেষ্টা করছি। বিষয়টি এখনও চলমান রয়েছে বলেও জানান তিনি।