বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মোতাহার হোসেন ভবনের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুর রব পুলিশের বিশেষ শাখা’র (স্পেশাল ব্রাঞ্চ-এসবি) সহকারী উপ-পরিদর্শক।
ভুক্তভোগী শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী রায়হান আহমেদ ডেইলি সানের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে সংবাদ সংগ্রহ শেষে হলের দিকে যাচ্ছিলেন। মোতাহার ভবনের সামনের রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অভিযুক্ত আব্দুর রব তার মোটরসাইকেল দিয়ে তাকে ধাক্কা দেন। ভুক্তভোগী কারণ জিজ্ঞাসা করলে বিনা উসকানিতেই তাকে মারধর শুরু করেন আব্দুর বর। এতে রায়হানের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয় ও তার পরিহিত শার্ট ছিঁড়ে যায়।
.png)
এ সময় রায়হান কৌশলে মোটরসাইকেলের চাবি নিয়ে আব্দুর রবকে মোড়ে অবস্থিত পুলিশ বক্সে আটকে রাখেন। এ সময় বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরা সেখানে ভিড় করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আব্দুর রহিম এবং পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশিদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশি নিরাপত্তায় অভিযুক্তকে শাহবাগ থানায় নেয়া হয়।
পরে রমনা জোনের অতিরিক্ত পুলিশ উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশিদ সাংবাদিকদের জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে যে ঘটনা ঘটেছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। এরইমধ্যেই এসবি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তারা আমাকে অভিযুক্তর বরখাস্তের ব্যাপারে নিশ্চিত করেছেন। এখন বিভাগীয় নিয়ম অনুযায়ী ঘটনার তদন্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।