ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবিতে থিসিস সংরক্ষণে ডিজিটাল রিপোজিটরি ওয়েব

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৭, ২১ এপ্রিল ২০২২
রাবিতে থিসিস সংরক্ষণে ডিজিটাল রিপোজিটরি ওয়েব
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে সংগৃহীত ও সংরক্ষিত ডিগ্রিপ্রাপ্ত থিসিস সমূহের অনলাইন ডিজিটাল রিপোজিটরি ওয়েবে উদ্বোধন করা হয়েছে। এই রিপোজিটরিতে পিএইচডি, এমফিল ও মাস্টার্স থিসিস সংরক্ষণ করা হবে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিসি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক গবেষণা হয়। এসব গবেষণাকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দেবার লক্ষে এই উদ্যোগ কার্যকরি ভূমিকা পালন করবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই রিপোজিটরি ওয়েবে উন্মুক্তকরণের মাধ্যমে রাবি গ্রন্থাগারকে বিশ্বমানের গ্রন্থাগার হিসেবে তুলে ধরতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement

পরে ভিসির নেতৃত্বে সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ গ্রন্থাগার সংস্কার ও আধুনিকায়ন পরিকল্পনা নিয়ে গ্রন্থাগারের বিভিন্ন অংশ সরেজমিন পরিদর্শন করেন। এসময় পরামর্শক প্রতিষ্ঠান এক্যুমেন আর্কিটেক্ট অ্যান্ড প্ল্যানার লি. ও নৈঋত আর্কিটেক্ট গ্রন্থাগার সংস্কার ও আধুনিকায়ন পরিকল্পনা উপস্থাপন ও প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় করা হয়।

এসময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, জনসংযোগ দফরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট অন্য শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০১৪ সালে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারকে ডিজিটাইজড করার পরিকল্পনা সিন্ডিকেটে অনুমোদিত হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েসাইটে প্রবেশ করে RUCL Institutional Repository এই লিংকে ক্লিক করে থিসিসগুলো দেখা যাবে। বর্তমানে এখানে এক হাজার ৭৫৭টি থিসিস সংরক্ষিত আছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!