গাছে ওঠে ফল পাড়তে রাবি প্রশাসনের নিষেধাজ্ঞা
ক্যাম্পাসের গাছে ওঠে মৌসুমি ফল পাড়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।
শনিবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে সম্প্রতি ক্যাম্পাসে বিভিন্ন মৌসুমি ফল পাড়ার জন্য শিক্ষার্থীরা গাছে উঠছে। বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে এভাবে ফল পাড়ার সময়ে দূর্ঘটনায় শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এভাবে ঝুঁকিপূর্ণভাবে গাছে ওঠা ও ফল পাড়া থেকে বিরত থাকতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছে।
প্রসঙ্গত, এর আগে গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কোমড় ভাঙে। এছাড়াও গত ৩০ মে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন সংলগ্ন আম বাগানের গাছ থেকে পড়ে নাক-মুখ ফাটায় আরেক শিক্ষার্থী।