ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বিশ্বকাপ উন্মাদনায় রাবির কমিটি, আছে অদ্ভুত সব পদ-পদবি

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৭, ২০ নভেম্বর ২০২২
বিশ্বকাপ উন্মাদনায় রাবির কমিটি, আছে অদ্ভুত সব পদ-পদবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল-আর্জেটিনা সমর্থকরা। ছবি: ডেইলি বাংলাদেশ

এসেছে সেই মাহেন্দ্রক্ষণ, আজ থেকে শুরু হচ্ছে বিশ্বের ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল। যার ঝড়ে কাঁপছে পুরো বিশ্ব। এ যেন এক উন্মাদনার মঞ্চ। শত সহস্র, লাখো-কোটি মাইল দূরে থেকেও একই সুরে গলায় মিলিয়েছে সারাবিশ্বের কোটি কোটি ফুটবল সমর্থক। এমন আনন্দোৎসব থেকে বাদ যায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরাও। প্রিয় দলকে সমর্থন জানাতে ফ্যান ক্লাব গঠন করেছেন তারা। সেখানে আছে অদ্ভুত সব পদ-পদবির সমর্থকরা। 

ক্যাম্পাসের বিশাল জনগোষ্ঠীর বেশিরভাগ অংশই দুইটি ফুটবল দলের সমর্থনে বিভক্ত। প্রিয় দলের জার্সি, পতাকা নিয়ে বিশ্বকাপের আমেজে মেতে উঠছেন তারা। তর্কে বির্তকে নিজের দলকে সেরা প্রমাণ করতে তুমুল বাকযুদ্ধে মেতেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা চলছে সমানভাবে। এরই মধ্যে প্রিয় দলকে সমর্থন জানাতে গঠন করা হয়েছে পাল্টাপাল্টি ব্রাজিল-আর্জেটিনা ফ্যান ক্লাব। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি বিভাগ, আবাসিক হলে গঠন করা হচ্ছে প্রিয় দলের ফ্যান ক্লাব। প্রিয় দলের সমর্থনে জার্সি পড়ে স্লোগান আর পতাকা হাতে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তারা। 

রাবির ব্রাজিল ফ্যান’স ক্লাব সদস্যদের একাংশ। ছবি: ডেইলি বাংলাদেশ

Advertisement

গত শুক্রবার (১৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকদের নিয়ে গঠন করা হয় ব্রাজিল ফ্যানস ক্লাব। ক্লাবের পক্ষে থেকে মেহেদী হাসান মিশুকে সভাপতি এবং মিজানুর রহমান তাসিবকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপরের দিন তারা বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল ও একটি ইনস্টিটিউটে আংশিক কমিটি ঘোষণা করে। এছাড়াও প্রতিটি বিভাগে আলাদা আলাদা ফ্যান কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনায় বসেন আর্জেন্টিনার সমর্থকরা। শতাধিক সমর্থকের উপস্থিতিতে আসাদুল্লা-হিল-গালিবকে সভাপতি ও নাহিদুল ইসলাম নাহিদকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করে আর্জেটিনা ফ্যানস ক্লাব। এছাড়াও প্রায় প্রতিটি বিভাগে রয়েছে আলাদা আলাদা ফ্যান ক্লাব, ঘোষণা করা হয়েছে নতুন কমিটি।

কমিটিতে অদ্ভুত সব পদ

এসব কমিটিতে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক, দফতর সম্পাদক ছাড়াও অদ্ভুত নামে কিছু পদের সৃষ্টি করা হয়েছে। রয়েছে ট্রল বিষয়ক সম্পাদক, গুজব নিরসন বিষয়ক সম্পাদক, চাপা দমন বিষয়ক সম্পাদক, কান্না-কাটি ও টিস্যু বিষয়ক সম্পাদক, অনুপ্রবেশকারী ঠেকানো বিষয়ক সম্পাদক, মিছিল মিটিং বিষয়ক সম্পাদক, হেটারস অ্যানালাইসিস বিষয়ক সম্পাদক, হা হা রিয়েক্ট বিষয়ক সম্পাদক, সমবেদনা বিষয়ক সম্পাদক, রেফারির সিদ্ধান্ত বিষয়ক সম্পাদক, হাত দিয়ে গোল দমন করা বিষয়ক সম্পাদক। 

এছাড়াও রয়েছে ফাউল বিষয়ক সম্পাদক, গড়াগড়ি বিশ্লেষণ বিষয়ক সম্পাদক, মলম লাগানো বিষয়ক সম্পাদক, স্লেজিং দমন বিষয়ক সম্পাদক, প্রতিপক্ষকে খোঁচামারা বিষয়ক সম্পাদক, ব্রাজিল/আর্জেটিনার সঙ্গে প্রেম প্রতিরোধ বিষয়ক সম্পাদক, নীল-সাদা/হলুদ বয়কট বিষয়ক সম্পাদক, ছিয়াশির চুরি বিষয়ক সম্পাদক, সেভেন আপ বিরোধী সম্পাদক, সেভেন আপ প্রচারণা বিষয়ক সম্পাদকসহ নানা পদ। আরো রয়েছে ভাইসরয়, নবাব, সুবেদার, গোয়েন্দা, আম মোক্তার নামক পদ।   
 রাবির আর্জেটিনা ফ্যান’স ক্লাবের সদস্যদের একাংশ। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাজিল ফ্যানক্লাবের সভাপতি মেহেদী হাসান মিশু বলেন, ব্রাজিল ফিফা বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সফল দল। তারা এখন পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ জয়লাভ করেছে। ব্রাজিল ফিফা বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে সবগুলো আসরে অংশগ্রহণ করেছে। 

ফ্যান ক্লাবের বিষয়ে জানতে চাইলে বলেন, একান্তই মজার উদ্দেশ্যে এটি করেছি। বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপ ফুটবলের আমেজ বিরাজ করছে। সবার কাছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা ছড়িয়ে দিতেই আমরা মজার ছলে যে যার সমর্থন করা দলের কমিটি করেছি।

আর্জেটিনা ফ্যান ক্লাবের সভাপতি আসাদুল্লা-হিল-গালিব বলেন, বিশ্বকাপের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে আর্জেটিনা ফ্যান ক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে। চার বছর পরপর এই বিশ্বকাপ উন্মাদনায় মাতে পুরো বিশ্ব, আমরাও এই উন্মাদনায় সামিল হয়েছি। সমর্থকরা সবাই মিলে খেলা দেখব, প্রিয় দলকে সমর্থন জানাব। যার জন্যই মূলত এই ফ্যান ক্লাব গঠন করা। 

ফ্যান ক্লাবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২০১৮ সালের বিশ্বকাপেও আমরা কমিটি করেছি, কোপা আমেরিকাতে করেছি। সেই ধারাবাহিকতায় এবারো করা হয়েছে। এটা মজার ছলে বলা যায় না। আমরা প্রিয় দলকে সম্মিলিতভাবে সমর্থন যোগাতে এই কমিটি করেছি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!