ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নাড়ির টানে বাড়ির পানে ববি শিক্ষার্থীরা

জাকির হোসেন, ববি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৪, ১৩ এপ্রিল ২০২৩
নাড়ির টানে বাড়ির পানে ববি শিক্ষার্থীরা
বাড়ি ফিরছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ঈদ মানে আনন্দ, পৃথিবীর সুন্দরতম মুহূর্তগুলোর একটি পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করা। সেই আনন্দ ভাগাভাগি করে নিতেই শেকড়ের টানে বাড়ি ফিরছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঈদের ছুটিতে সবাই বাড়ি ফিরতে শুরু করায় ৫০একরের কোলাহলপূর্ণ প্রাঙ্গণ জনশূন্যতায় পরিণত হয়।

রমজানে ক্লাস-পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থীদের বাবা-মায়ের সঙ্গে করা হয়নি ইফতার ও সেহরি। ক্লান্ত দুপুরে প্রখর তাপে ক্লাস পরীক্ষার টেনশন ঈদের ছুটির এই কয়দিন আর নেই। ক্যাফেটেরিয়া আর হলের ডায়নিংয়ে সুনসান নীরবতা বিরাজ করছে। পরিবারের সঙ্গে বহুদিনের দূরত্বের অবসান ঘটছে। ক্লাস-পরীক্ষা শেষ করে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ও ছুটি কাটাতে বাড়ি ফিরছেন তারা। দীর্ঘদিন পর মায়ের কোলে ফেরার সুযোগে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এ যেন ঈদের আগে আরেক ঈদ।

বাড়ি ফেরার পথে কথা হয় বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আলামিনের সঙ্গে। তিনি বলেন, প্রতি বছরের ঈদের তুলনায় এই ঈদের অনুভূতিটা ভিন্ন। স্কুল জীবন থেকেই বিশ্ববিদ্যালয়ে পড়ার আকাঙ্ক্ষা ছিল। সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষা এবার সত্যি হলো। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে এই প্রথমবার ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি, ভাবতেই ভালো লাগছে। ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে মা বাবা ভাই বোনের সঙ্গে পরিবারের সবাই আনন্দময় সময় অতিবাহিত করব।

Advertisement

নেত্রকোনা থেকে ৩৬৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রিফাত সারোয়ার খান বলেন, পরিবার হচ্ছে মরুভূমির মধ্যে একটুখানি শীতলপাটির ছাউনি! পাখিরা যেমন সন্ধ্যার আগে আগে দলবেঁধে তাদের ঘরের উদ্দেশ্যে উড়াল দেয়। ঠিক তেমনি আমাদের সবার মধ্যেই বাড়ি ফেরার প্রবল আকাঙ্ক্ষা জন্মে। আর সেটা যদি হয় ঈদের ছুটি তাহলে তো কথাই নেই! সচরাচর বাড়িতে যেতে পারি না বলে ঈদের বন্ধের ছুটিগুলো বাড়তি আনন্দ দেয়। বন্ধুবান্ধব, চাচা-চাচি, ভাই-বোন, পাড়া প্রতিবেশী সবাই একসঙ্গে মিলে এক মিলনমেলায় রূপ নেয়। তাই আমার কাছে ঈদের ছুটি মানেই চৈত্রের তাপদাহ মধ্যাহ্নে একপশলা বৃষ্টি যেন মরুভূমি মধ্যে এক সবুজ বনভূমি! চিরচেনা সেই অনুভূতি কিন্তু শাশ্বত!

ঈদের ছুটিতে উচ্ছ্বাসিত হয়ে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহজাদী হক বলেন, ক্যাম্পাস আমার কাছে অন্যরকম ভালোলাগা, ভালোবাসার স্থান। তবুও ছুটিতে বাড়ি ফেরা বাড়তি আনন্দ কাজ করে। সাধারণ ঈদের ছুটি কিছুটা লম্বা সময় হাতে নিয়ে বাড়িতে আসা হয়। পরিবার ভাই-বোনদের সঙ্গে খুবই ভালো সময় কাটে। তবুও সেই ভালো সময়ের মধ্যে একটা বিষণ্ণতা লুকানো থাকে। বাসায় আসলে আসল সময় কাটে, কিন্তু ক্যাম্পাসে থাকলে দেখা যায় খুব ব্যস্ত সময় কাটে ক্লাস, পরীক্ষা, বন্ধুবান্ধব নিয়ে ঘুরাঘুরি। বাসায় এই অলস সময়ের মধ্যে ক্যাম্পাসেরে ঐ ব্যস্ত জীবনকে খুবই মিস করি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!