‘এ’ ইউনিটে পাস করেছে ২৬ হাজার ৯০৮ জন। ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছেন ৩২ হাজার ৫৯৪ শিক্ষার্থী।
শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে ‘এ’ ইউনিট ভর্তি কমিটির ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির জয়েন্ট কো-অর্ডিনেটর ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রাশেদ মোস্তফা এসব নিশ্চিত করেন।
.png)
তিনি বলেন, ‘এ’ ইউনিটের ফলাফল সম্পন্ন হয়েছে। আমরা আইসিটি সেলকে ফলাফল হস্তান্তর করেছি। পরীক্ষায় ৫৯ হাজার ৫০২ পরীক্ষার্থীর মধ্যে ২৬ হাজার ৯০৮ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৪৫.২২ শতাংশ।’
‘এ’ ইউনিটে বাংলা, ইংরেজি, গণিত/রসায়ন/পদার্থ বিজ্ঞান/জীববিজ্ঞান (যে কোনো তিনটি) এর ওপর ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা হয়। জিপিএ এর উপর আরো ২০ নম্বর হিসেব করে মোট ১২০ নম্বরের ওপর ফল তৈরি করা হয়। প্রতিটি ভুল নম্বরের জন্য কাটা হয় দশমিক ২৫ নম্বর। পরীক্ষায় কোনো লিখিত অংশ ছিল না।
প্রসঙ্গত, গত ১৬মে থেকে শুরু হয়েছে চবির ভর্তি পরীক্ষা। ১৬ ও ১৭ মে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ১৮ ও ১৯ মে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, ২০ মে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং সবার জন্য উন্মুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে ২২ মে। এছাড়া ‘ডি-১’ ও ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ মে ও ২৫ মে।