ইবির সব পরীক্ষা স্থগিত ঘোষণা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অ্যাকাডেমিক পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কম্পিউটার অপারেটর পদের পূর্বঘোষিত নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার এবং বুধবার অনুষ্ঠিতব্য সব বিভাগসমূহের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অফিসসমূহ যথারীতি চলবে।
.png)
এছাড়া বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় অবরোধের তিন দিনই বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পরীক্ষা।
এদিকে মঙ্গলবার ও বুধবার অফিস ও পরীক্ষা ছাড়া অন্য শিক্ষা কার্যক্রম চলমান থাকায় পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলমান থাকবে বলে জানিয়েছে পরিবহন দফতর। সূত্র মতে, সকাল সাড়ে ৮টার দিকে পুলিশি নিরাপত্তায় কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপা থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাদের বাস ছেড়ে আসবে। পরে বেলা ৪টায় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে বাসগুলো।
এছাড়া মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের ও বুধবার পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের কম্পিউটার অপারেটর পদের পূর্বঘোষিত নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এদিকে অবরোধের কারণে পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে কিনা? জিজ্ঞেস করলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘অবরোধের কারণে পরীক্ষা বন্ধ করা হয়নি। আমাদের ক্যাম্পাস স্বাভাবিকভাবেই চলবে। শুধুমাত্র সব বিভাগের পরীক্ষা অনিবার্য কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে।’