ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

হাইকোর্টের রায়ে প্রধান শিক্ষক পদে গেজেটভুক্ত হচ্ছেন সেই ৪১ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫০, ১০ ডিসেম্বর ২০২৩
হাইকোর্টের রায়ে প্রধান শিক্ষক পদে গেজেটভুক্ত হচ্ছেন সেই ৪১ শিক্ষক
হাইকোর্ট। ছবি: সংগৃহীত

জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের ৪১ জনকে সহকারী শিক্ষকের পরিবর্তে প্রধান শিক্ষক পদে গেজেটভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জাতীয়করণের আগে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের করা রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে এ আদেশ দেন আদালত।

রোববার (১০ ডিসেম্বর) বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ রায় দেন। 

রিটের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, সদ্য জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের ৪১ জনকে জাতীয়করণের আগের প্রধান শিক্ষক পদে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২০১৩ সালে সারাদেশের ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ তালিকায় আনে সরকার। পরে পর্যায়ক্রমে ঐ বিদ্যালয়গুলোর শিক্ষকদের ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে সরকারি শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করা হয়।

Advertisement

মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ বলেন, এক্ষেত্রে যেসব শিক্ষক যে পদে নিয়োগ পেয়েছেন (জাতীয়করণের আগের কমিটি কর্তৃক), তাদের জাতীয়করণের পর স্ব স্ব পদে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ প্রধান শিক্ষকদের প্রধান শিক্ষক হিসেবে এবং সহকারী শিক্ষকদের সহকারী শিক্ষক হিসেবে বহাল রাখা হয়। কিন্তু ঐ রিটকারীরা কমিটির মাধ্যমে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেলেও তাদের জাতীয়করণের পর সহকারী শিক্ষক রাখা হয়।

তিনি আরো বলেন, আগের শিক্ষকদের সঙ্গে যা বৈষম্যমূলক। তাই রিটকারীরা ঐ আদেশে ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষক পদের গেজেট দেওয়ার জন্য রিট করেন। রুলের শুনানি শেষে এদিন চূড়ান্ত নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট। এ রায়ের ফলে রিটকারী ৪১ জন প্রধান শিক্ষক হিসেবে গেজেট পেতে আইনি পথ সুগম হলো। রিটকারীরা ন্যায়বিচার পেয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!