বাংলাদেশের জয় কিংবা শিবলীর টুর্নামেন্ট সেরা হওয়া; এসব খবর এরইমধ্যে ছড়িয়েছে, জানেনও প্রায় সবাই। তবে একটি খবর এখন পর্যন্ত খুব কম মানুষই জানেন, আশিকুর রহমান শিবলী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের স্বাগতিক ছিল সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে। বাংলাদেশ দল ছিল পুরো টুর্নামেন্টে অপরাজিত। এই পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করেছেন আশিকুর রহমান শিবলি। এনিয়ে দুটি সেঞ্চুরি হয়েছে তার। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন অপরাজিত ১১৬ রানের ইনিংস। জাপানের বিপক্ষে খেলেছেন অপরাজিত ৫৫ এবং আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খেলেছেন ৭১ রানের ইনিংস।
.png)
২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি আরব আমিরাতের ব্যাটাররা। সর্বোচ্চ ২৫ রান (অপরাজিত) করেন ধ্রুব পারাসার। অক্ষত রায় করেন ১১ রান। আর কোনো ব্যাটারই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আরব আমিরাতের সামনে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার আশিকুর রহমান শিবলী খেলেছেন ১২৯ রানের অনবদ্য একটি ইনিংস। শিবলীর এ পারফরম্যান্স এ গর্বিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
এ বিষয়ে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি অধ্যাপক মাহফুজা মোবারক ডেইলি বাংলাদেশকে বলেন, এই অর্জন আমাদের জন্য অনেক সৌভাগ্যের। আমাদের বিভাগটি নতুন হওয়ায় যদিও আমরা শিক্ষার্থীদেরকে খেলাধুলার সরঞ্জামাদিসহ অন্যান্য সুবিধা পর্যাপ্তভাবে দিতে পারি না। তবুও ওরা খেলাধুলায় অনেক ভালো করছে। আমি শিবলীর এই অর্জনে অনেক আনন্দিত। আশা করছি, পরবর্তীতে আমরা খেলাধুলায় শিক্ষার্থীদের পর্যাপ্ত সুবিধাদি দিতে পারবো যা ওদেরকে নিজেদের মতো করে এগিয়ে যেতে সাহায্য করবে। পরবর্তী সময়েও আমাদের শিক্ষার্থীদের এই অর্জন অটুট থাকবে।
জানতে চাইলে আশিকুর রহমান শিবলী বলেন, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারছি সেটা অবশ্যই আনন্দের ব্যাপার। দেশবাসীসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য ধন্যবাদ, তারা আমাকে স্মরণে রেখেছেন। সামনে অবশ্যই আরও ভালো কিছু করার চেষ্টা থাকবে।