ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পাবিপ্রবির লেকে বিলুপ্তপ্রায় কচ্ছপ অবমুক্ত

পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৮, ৫ নভেম্বর ২০২৪
পাবিপ্রবির লেকে বিলুপ্তপ্রায় কচ্ছপ অবমুক্ত
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের দায়িত্বশীলতার নিদর্শন হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) লেকে একটি বিলুপ্তপ্রায় কচ্ছপ অবমুক্ত করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর দেড়টায় তারা কচ্ছপটিকে লেকে ছেড়ে দেন।

কচ্ছপ লেকে অবমুক্তির কারণ জানতে চাইলে বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মইন উদ্দিন বলেন, মামুন নামের এক শিক্ষার্থী স্থানীয় মনসুরাবাদ এলাকায় কচ্ছপটির সন্ধান পায়। পরে কচ্ছপটিকে উদ্ধার করে সে আমাকে জানায়। এরপর আমরা আমাদের বাংলা বিভাগের চেয়ারম্যান আরিফ ওবায়দুল্লাহ স্যারকে বিষয়টি জানাই। পরে স্যারের উপস্থিতিতে আমরা কচ্ছপটিকে লেকে অবমুক্ত করি। আমাদের উদ্দেশ্য ছিল বিলুপ্তপ্রায় এই কচ্ছপটিকে রক্ষা করা এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা।

Advertisement

শিক্ষার্থী পারভেজ আহমেদ জানান, স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা যে স্বাধীনভাবে বাঁচার সুযোগ পেয়েছি, সেই স্বাধীনতা যেন সব প্রাণীও উপভোগ করতে পারে, এ লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। আমরা বাংলাদেশকে সব সৃষ্টির জন্য অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে চাই। আজ বিলুপ্তপ্রায় এই কচ্ছপটি অবমুক্ত করে আমাদের পরিবেশ রক্ষার কার্যক্রমের প্রথম পদক্ষেপ নিলাম।

বাংলা বিভাগের চেয়ারম্যান আরিফ ওবায়দুল্লাহ এ বিষয়ে বলেন, আজকের এই উদ্যোগের মাধ্যমে আমরা বিলুপ্তপ্রায় একটি প্রাণীকে সংরক্ষণ করতে পেরেছি। ভবিষ্যতেও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এমন কার্যক্রম চালিয়ে যাব। শুধু কচ্ছপই নয়, এমন অনেক গাছও রয়েছে যেগুলো বিলুপ্তির পথে। আমাদের শিক্ষার্থীরা যদি নিজ নিজ এলাকা থেকে বিলুপ্তপ্রায় গাছ বা প্রাণী সংরক্ষণের এই দায়িত্ব পালন করতে পারে, তাহলে একদিন এই বিশ্ববিদ্যালয় প্রকৃতির অভয়ারণ্য হয়ে উঠবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!