শনিবার ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটে আবেদন শেষ হয়েছে। এ বছরে ভর্তির জন্য সর্বমোট আবেদন জমা পড়েছে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। ভর্তি আবেদন ফি দেওয়া যাবে ২৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
.png)
এর আগে, ৮ ডিসেম্বর এমবিবিএস ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন ঐ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
এতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ২০২৩ সাল অথবা ২০২৪ সালে এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২১ সালের পূর্বে এসএসসি, ও লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
প্রার্থীকে এসএসসি, ও লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। এসএসসি, ও লেভেল বা সমমান এবং এইচএসসি, এ লেভেল বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।
উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি, ও লেভেল বা সমমান এবং এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
সবার জন্য এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (বায়োলজি) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
জানা গেছে, দেশে মেডিকেল কলেজ ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ৫টি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ। সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। ভালো কলেজে ভর্তি হন তালিকার ওপরে থাকা শিক্ষার্থীরা।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত মেডিকেল এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ আগেই প্রকাশ করেছে। এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য দুই ভাবে নম্বর কাটার কথা বলা হয়েছে। এবারও পাস নম্বর ৪০। এ ছাড়া বিএমডিসি কর্তৃক প্রণীত নীতিমালার আলোকে নানা শর্তের কথাও উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে মোট নম্বর ১০০।
প্রসঙ্গত, আগামী ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।