পার্বত্য স্কুলে শিগগিরই চালু হচ্ছে মিড ডে মিল
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী বছরের মধ্যে ‘কুকড মিড ডে মিল’ চালুর একটি প্রকল্প সম্পন্ন করা হবে। পাশাপাশি পার্বত্য অঞ্চলের স্কুলগুলোতেও শিগগিরই ‘মিড ডে মিল’ চালু করা হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘সরকার কতখানি এগোলো? প্রাথমিক শিক্ষার ওপর আলোকপাত’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।
.png)
ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষায় যেসব পরিবর্তন আনা হচ্ছে, সেগুলোর সুফল পেতে প্রায় পাঁচ বছর সময় লাগবে।
শিক্ষকদের দাবি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নতুন শিক্ষক নিয়োগের বিষয়ে অক্টোবরের মধ্যে সংশ্লিষ্টরা তাদের প্রস্তাব জমা দেবেন। এরপর আগামী বছরের মধ্যে এ প্রক্রিয়া মন্ত্রণালয় থেকে শেষ করার আশা করা হচ্ছে।
শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন, ২০২৮ সালের মধ্যে সরকারি, বেসরকারি, ইবতেদায়ী ও মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করছে সরকার।
তিনি আরও বলেন, স্কুলের সময়সূচি এক শিফটে নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে। একই সময়ের মধ্যে নতুন কারিকুলামের আওতায় সব শিক্ষাপ্রতিষ্ঠানকে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।