সব মাদরাসায় যৌন হয়রানি প্রতিরোধে ‘অভিযোগ কমিটি’ গঠনের নির্দেশ
যৌন হয়রানি প্রতিরোধ ও নারী শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে দেশের সব সরকারি ও বেসরকারি মাদরাসায় কমপক্ষে পাঁচ সদস্যের ‘অভিযোগ কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। কমিটির অধিকাংশ সদস্য নারী রাখতে হবে এবং সম্ভব হলে নারীকে কমিটির প্রধান করার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলাম এই নির্দেশনা জারি করেন।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি মাদরাসায় দৃশ্যমান স্থানে একটি স্বচ্ছ কাঁচের অভিযোগ বক্স স্থাপন করতে হবে এবং সপ্তাহের নির্দিষ্ট দিনে কমিটির সদস্যদের উপস্থিতিতে তা খুলতে হবে। কোনো অভিযোগ পাওয়া গেলে গুরুত্বের সঙ্গে তদন্ত ও নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে এবং প্রয়োজনে ভুক্তভোগীকে আইনি সহায়তার সুযোগ করে দিতে হবে।
কমিটি গঠনের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার পাশাপাশি প্রতি মাসে কার্যক্রমের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মহামান্য হাইকোর্টের রিট আবেদনের রায়ের আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই পুনরায় এই নির্দেশনা জারি করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।