ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

দুই পরিচালকের টাকায় গাড়ি কিনলেন মনিরা মিঠু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৫, ১২ অক্টোবর ২০২০
দুই পরিচালকের টাকায় গাড়ি কিনলেন মনিরা মিঠু
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। যার অভিনয় সহজেই হৃদয় কাড়ে দর্শকদের। বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। দেড় যুগেরও বেশি সময় ধরে তিনি অভিনয় জগতে আছেন। অভিনয় দক্ষতা ও সময়ানুবর্তিতার জন্য তার বেশ সুনামও রয়েছে। তাই তো পরিচালকরা তাকে নিয়ে কাজ করতে সাচ্ছন্দ্যবোধ করেন। ফলে বর্তমানে অধিকাংশ নাটকেই দেখা মেলে তার।

মনিরা মিঠু সম্পর্কে মজার একটি বিষয় হচ্ছে, এতো বছর ধরে কাজ করেও একা গাড়ি কেনা হয়নি তার। এবার সে শখ পূরণ করলেন এ অভিনেত্রী। নিজের পারিশ্রমিকের টাকায় এই অভিনেত্রী প্রথম গাড়ি (প্রাইভেটকার) কিনেছেন। দুইজন ডিরেক্টরের কাজের সম্মানী দিয়েই এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

গণমাধ্যমকে তিনি বলেন, গাড়ি কেনার পেছনে অনেক গল্প আছে। সে গল্প অন্য একদিন বলা যাবে। নিজের পরিশ্রমের টাকায় প্রথম গাড়ি কিনলাম। এখন জীবনের গতি ও কাজের গতি আরো বাড়বে।

Advertisement

গাড়ি কেনার পর এক ফেসবুক স্ট্যাটাসে মনিরা আক্তার মিঠু লিখেছেন, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ—এই পরিচালক আমার কাজের পারিশ্রমিক কখনো ভেঙে ভেঙে দেননি, কখনো এক লাখ, কখনো এক লাখ ৫০ হাজার করে একসঙ্গে গুছিয়ে দিতেন, যেন আমি গাড়ি কিনতে পারি এবং টাকাটা যেন আমার উপকারে আসে। একজন গার্ডিয়ানের মতো, আপন ভাইয়ের মতো গুছিয়ে দিতেন। আরেকজন মাবরুর রশিদ বান্নাহ প্রতি মাসে ৩ থেকে ৪টা কাজের সুযোগ করে দিতেন, যা কিনা আমার ভীষণ উপকারে আসত। বান্নাহর জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। আমি এত বছর পর একটি গাড়ি কিনতে পেরেছি মূলত এ দুজন পরিচালকের পারিশ্রমিকের কারণে, আলহামদুলিল্লাহ।

মনিরা আক্তার মিঠু আরো লিখেছেন, গাড়ি কেনার পর হাউমাউ করে কেঁদেছি। আমার প্রয়াত ভাই চ্যালেঞ্জার ঠিক এমনি করে কেঁদেছিলেন। খুব মনে পড়ছে আমার ভাইয়ের সেদিনের কান্না। এই গাড়ির জন্য জীবনে অনেক অনেক দিন বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছি, অপমানিত হয়েছি, লজ্জা পেয়েছি। আমার সব পরিচালকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাজ তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার ভাঙা গাড়িতে চড়বে। আবারো বলছি, আমার সব পরিচালকের পারিশ্রমিক এই গাড়িতে আছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!