জিডির বিষয়ে যা বললেন জায়েদ খান
শিল্পী সমিতির বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানসহ কার্যকরী কমিটির বিরুদ্ধে জিডি হয়েছে। সমিতির ২৪০ জন সদস্যের চাঁদার রশিদ না দেওয়ার অভিযোগে শনিবার রাতে জিডি করেন মকবুল হোসেন আরমান। আর এ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন জায়েদ খান।
গণমাধ্যমকে জায়েদ খান বলেন, জিডিতে যা বলা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। যদি কোনো অভিযোগ থাকতো তাহলে সাত তারিখে এজিএমে করেনি কেন? আট তারিখ কেন জিডি করলেন? বিষয়টি নিয়ে জটিলতা থাকলে আগে সমিতির সভাপতি-সাধারণ সম্পাদককে জানাতে পারতেন।
যিনি জিডি করেছেন, তিনি একটি প্যানেলে নির্বাচন করছেন বলে আমাদের প্যানেলকে চাপে রাখার জন্য কাজটি করেছেন বলে উল্লেখ করেছেন জায়েদ খান।
.png)
তিনি আরো বলেন, একজন এসে ২৪০ জন সদস্যের রশিদ চেয়েছেন। আমার প্রশ্ন হলো- একজন কেন সবার রশিদ নেবেন? অনেক সম্মানিত সদস্য আমাদের ফোন করে অনুরোধ করেছেন তাদের চাঁদা যেন কেউ না দেন। তারা নিজেরা চাঁদা দিয়ে রশিদ নেবেন। একজনের রশিদ তো অন্যজন নেয়াটাও ঠিক নয়।
আগামী ২৮ জানুয়ারি ২০২২-২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান প্যানেলে নির্বাচন করবেন। অন্য প্যানেলটাতে একুশে পদকজয়ী অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ নেতৃত্ব দিচ্ছেন।