ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

চেয়ারে বসায় নিপুণের বিরুদ্ধে জায়েদের মামলা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৯, ২৪ ফেব্রুয়ারি ২০২২
চেয়ারে বসায় নিপুণের বিরুদ্ধে জায়েদের মামলা
ছবি: সংগৃহীত

আপিল বিভাগের স্থিতাবস্থা থাকার পরও আদালতের নির্দেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন জায়েদ খান। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে।

জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গণমাধ্যমের খবর অনুযায়ী প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের নিষেধাজ্ঞা সত্ত্বেও নিপুণ সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে চেয়ারে বসছেন এবং কার্যক্রম চালাচ্ছেন। এ কারণে জায়েদ খান আদালত অবমাননার মামলা করেছেন।

Advertisement

এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুলের শুনানি আজ হয়নি। রুল শুনানির দিন পিছিয়ে আগামী সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় নির্ধারণ করেছেন আদালত।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

গত ১৪ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থাও বহাল রাখা হয়। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!