কেকে’র মৃত্যুতে স্মৃতিকাতর এ আর রহমান
কনসার্টে গাইতে গাইতেই মৃত্যুর দ্বারপ্রান্তে চলে যান বলিউডের জাদুকরি কণ্ঠের গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ তথা কেকে। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড।
কেকে’র মৃত্যুতে বিশেষ করে হিন্দি গানের জগতে বিষাদের কালো ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রজন্মের সংগীত তারকারা তাদের শোকানুভূতি প্রকাশ করেছেন।
অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমানও কেকে’র মৃত্যুতে হতবাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন শোক।
স্মৃতিকাতর হয়ে গণমাধ্যমে এ আর রহমান বলেন, নব্বইর দশকের শুরুর দিকে জিঙ্গেল গাইতেন কেকে। পরে তাকে আমরা সিনেমার জন্য ডাকলাম। তিনি ‘স্ট্রবেরি আঁখে’ গানটা গাইলেন।
মাস কয়েক আগেও কেকে’র জন্য গান তৈরি করেছেন এ আর রহমান। তাকে ডেকেছিলেন ভয়েস দেওয়ার জন্য। সেই স্মৃতি মনে করে রহমান বলেন, মাত্র ছয় মাস আগেই তাকে একটা গানের জন্য ডেকেছিলাম। কিন্তু তিনি তখন বললেন অসুস্থ বোধ করছেন। আমি বললাম, ঠিক আছে, সুস্থ হয়েই ফিরে আসুন।
এ আর রহমান সাধারণত নিজের আবেগ সবার সামনে প্রকাশ করেন না। তবে কেকে’র মৃত্যুতে তিনি এতটাই কষ্ট পেয়েছেন যে, প্রকাশ্যেই আবেগপ্রবণ হয়েছেন। আফসোস করছেন, দুই যুগ আগে যার কণ্ঠে রহমানের পপ মিউজিক সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিল, সেই কেকে আর কোনোদিন গান গাইবেন না।
গত ৩১ মে রাতে কলকাতার নজরুল মঞ্চে গান গাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন কেকে। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর বলা হয়, তিনি আগেই মারা গেছেন।