ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

নোরাকে পেতে সুকেশের বায়না

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:০২, ১৯ জানুয়ারি ২০২৩
নোরাকে পেতে সুকেশের বায়না
ছবি: সংগৃহীত

২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় সম্প্রতি দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। তার কথায়, সুকেশই তার জীবনকে নরক বানিয়েছেন, ইমোশন নিয়ে খেলেছেন। এবার সুকেশের বিরুদ্ধে সরব হলেন নোরা ফাতেহি। তার অভিযোগ, গার্লফ্রেন্ড হওয়ার শর্ত দিয়ে পরিবর্তে তাকে বিলাসবহুল জীবনযাপন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর।

মঙ্গলবার, দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে নিজের বয়ান রেকর্ড করেন নোরা ফাতেহি। নোরা বলেন, অনেকেই দাবি করছেন, মধ্যস্থতাকারী পিঙ্কি ইরানির সাহায্যে নিয়ে তিনি সুকেশের কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা নিতে চেয়েছেন। তবে আদপে সেটা ঘটেনি, সুকেশ চন্দ্রশেখরই তাকে দামি বাড়ি, গাড়ি থেকে শুরু করে সমস্তরকম বিলাসবহুল জীবনযাপন দিতে চেয়েছিলেন, পরিবর্তে গার্লফ্রেন্ড হিসাবে নিজের জীবনে তার সঙ্গ চেয়েছিলেন। নোরার কথায়, পিঙ্কি ইরানি আমার তুতো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে জানান, সুকেশকে পেতে লাইন দিয়েছেন জ্যাকলিন, তবে সুকেশের পছন্দ নোরাকে। শুধু জ্যাকলিনই নন, বহু অভিনেত্রীই সুকেশের সংসর্গ পেতে চান। সুকেশের প্রস্তাবে ভয় পেয়ে যান আমার পরিবারের সদস্যরাও।

নোরা আরো জানিয়েছেন, প্রথমদিকে আমি সুকেশকে চিনতাম না, ভেবেছিলাম উনি হয়ত এলএস কর্পোরেশন নামে ওই কোম্পানিতে চাকরি করেন। সুকেশের সঙ্গে আমার কখনোই ব্যক্তিগত যোগাযোগ ছিল না, ওর কোনো ফোন নম্বরও আমার কাছে ছিল না। আমি কোনোদিনও সুকেশের সঙ্গে দেখা করিনি। যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তরফে সমন পেলাম তখন প্রথমবার সুকেশকে দেখেছিলাম।

নোরার দাবি মতো, ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় তার কোনো যোগ নেই। সুকেশকেও তিনি চেনেন না। তিনি শুধুমাত্র এই চক্রের শিকার। যদিও জ্যাকলিনের পাশাপাশি নোরার বিরুদ্ধেও সুকেশের কাছ থেকে দামি গাড়ি, ব্যাগ, হীরে গয়না সব বিভিন্ন দামি উপহার নেওয়ার অভিযোগ রয়েছে। তবে এই মামলায় নোরা ফাতেহিকে সাক্ষী করেছে ইডি। সাক্ষী হিসাবেই তার বয়ান রেকর্ড করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!