ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পদ্মভূষণ পাওয়া সংগীতশিল্পীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:১৬, ৪ ফেব্রুয়ারি ২০২৩
পদ্মভূষণ পাওয়া সংগীতশিল্পীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

আচমকাই চলে গেলেন সঙ্গীতশিল্পী বাণী জয়রাম! শনিবার চেন্নাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বর্ষীয়ান গায়িকার দেহ। বয়স হয়েছিল ৭৮ বছর। ঘটনায় চাঞ্চল্য দক্ষিণী সঙ্গীতমহলে। গত মাসেই ভারত সরকার পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছিলেন ‘আধুনিক ভারতের মীরা’ হিসাবে পরিচিত এই গায়িকাকে। 

প্রজাতন্ত্র দিবসের দিন দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ঝুলিতে আসে তার। সম্মান পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বাণী জয়রাম। কিন্তু কে জানতো সশরীরে এই সম্মান গ্রহণ করতে পারবেন না তিনি! এই গায়িকা নিজের জীবদ্দশায় দশ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন। কীভাবে মৃত্যু হয়েছে তার? এখনো তা স্পষ্ট নয়। এরইমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে চেন্নাই পুলিশের থাউসেন্ড লাইটস থানার অফিসাররা।

বাণী জয়রামের জন্ম তামিল নাড়ুর ভেলোরে এক তামিল পরিবারে। ১৯৪৫ সালের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন শিল্পী, জন্মসূত্রে তার নাম ছিল কলাইবাণী। সঙ্গীত তার রক্তে, ছোট থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন। মায়ের অনুপ্রেরণা নিয়েই গুরু রঙ্গ রামানুজ আয়েঙ্গারের কাছে গানের সাধনা শুরু করেন ‘আধুনিক ভারতের মীরা’। পরবর্তীতে কাদালুর শ্রীনিবাস আয়েঙ্গার, টি আর বালাসুব্রহ্মণিয়ান এবং আর এস মণির মতো গুরুদের কাছে আনুষ্ঠানিকভাবে কর্ণাটকী সঙ্গীতের প্রশিক্ষণ নেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!