ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

লন্ডনে কী করছেন ববি?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৭, ৩ মার্চ ২০২৩
লন্ডনে কী করছেন ববি?
ফাইল ছবি

ঢলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি। দীর্ঘদিন হলো প্রেক্ষাগৃহে তার কোন সিনেমা নেই। সিনেমা মুক্তি না পেলেও একের পর এক নতুন সিনেমার শুটিং করছেন ইয়ামিন হক ববি। আর শুটিং এর কারণেই ১৮ ফেব্রুয়ারি লন্ডনে যান অভিনেত্রী।

শুটিং এর কারণে সেখানে এক মাস থাকবেন বলে জানা যায়। আর এই সময়ের মধ্যেই তার শেষ করতে হবে দুই সিনেমার কাজ। দুটি সিনেমাই পরিচালনা করছেন মিনহাজ কিবরিয়া। একটি সিনেমার নাম ‘বেঈমান’, আরেকটি ‘নাইট ইন লন্ডন’।

ববি প্রথমে অংশ নিয়েছেন ‘বেঈমান’ সিনেমার শুটিংয়ে। লন্ডন থেকে ববি জানান, এ সিনেমায় তার চরিত্রের নাম নেহা। তাকে ঘিরেই সিনেমার গল্প। স্বাধীনতাযুদ্ধের সময় নেহার নানিকে ধর্ষণ করে এক রাজাকার। যুদ্ধশিশু হিসেবে বেড়ে ওঠে নেহার মা। সেই রাজাকার এখন লন্ডনে পলাতক। নানির গ্লানি আর মায়ের সারা জীবনের ক্ষোভের প্রতিশোধ নিতে সেই রাজাকারের সন্ধানে নেহা ছুটে যায় লন্ডনে।

Advertisement

ববি জানান, ইতিমধ্যে সিনেমার বেশির ভাগ অংশের কাজ শেষ হয়েছে। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে বলেন, খুব সুন্দর লোকেশনে শুটিং হচ্ছে। ইউনিটের সবাই অনেক হেল্পফুল। খুব আনন্দ নিয়ে কাজ করছি। তবে এখানে এখনো অনেক ঠান্ডা। তাই প্রথম দিকে কষ্ট হচ্ছিল শুট করতে। ধীরে ধীরে মানিয়ে নিয়েছি।

বেঈমান সিনেমায় ববির সঙ্গে রয়েছেন আমান রেজা। এ সিনেমার কাজ শেষ করেই শুরু করবেন ‘নাইট ইন লন্ডন’-এর কাজ। এতে ববিকে দেখা যাবে একজন যৌনকর্মীর চরিত্রে। চরিত্রটি চ্যালেঞ্জিং বলেই সিনেমাটিতে কাজ করতে রাজি হয়েছেন ববি। তবে এ সিনেমায় তার বিপরীতে কে কাজ করবেন তা জানাননি। চমক হিসেবেই রাখতে চাইলেন সেই খবর। দুটি সিনেমার শুটিং ও ডাবিং শেষে এ মাসের ১৮ তারিখে দেশে ফেরার কথা ববির।

দেশে ফিরেই জমে থাকা কাজগুলো শেষ করতে চান ববি। লন্ডন যাওয়ার আগে শুরু করেছিলেন ‘মেঘনা কন্যা’ সিনেমার কাজ। ফুয়াদ চৌধুরীর পরিচালনায় বরিশালে শুটিংয়ে গিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে শুটিং শেষ না করেই ঢাকায় ফিরতে হয়েছিল ববিকে। লন্ডন থেকে ফিরে বাকি অংশের কাজ করার কথা তার। এ ছাড়া সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘ফ্রড: দ্য বাটপার’ সিনেমায়। এটি পরিচালনা করবেন শফিক হাসান। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে এর শুটিং শুরুর কথা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!