প্রতিভাবান না হয়েও যেভাবে সফল হলেন নুসরাত ফারিয়া
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ‘আশিকী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। অভিষেকের পর ঢাকা ও কলকাতা মিলিয়ে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী। বাণিজ্যিক সিনেমায় গ্ল্যামারাস চরিত্রের পাশাপাশি তাকে পাওয়া গেছে ‘পাশের বাড়ির মেয়ে’ টাইপ চরিত্রেও।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশি অভিনেত্রী জানিয়েছেন, নিজেকে ততটা প্রতিভাবান মনে করেন না তিনি। তবে নিজের আত্মবিশ্বাসের জোরেই তিনি কাজ করে যাচ্ছেন।
উপস্থাপক ও গানের মডেল হিসেবে বিনোদন অঙ্গনে কাজ শুরু করলেও একটা সময় কলকাতার চলচ্চিত্রেও নিয়মিত কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে অনেক বাংলাদেশি অভিনয়শিল্পী সেখানকার ওটিটি প্ল্যাটফরমে নিয়মিত কাজ করছেন।
.png)
এ প্রসঙ্গে ফারিয়া বলেন, এটা নিয়ে আমি খুবই খুশি, আমাদের একসঙ্গে আরো বেশি কাজ করা উচিত, যাতে দর্শকদের আরো দুর্দান্ত সব কনটেন্ট উপহার দিতে পারে। ‘হাওয়া’ এখানে মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছিল। শুনছি, আমার পরের সিনেমা ‘আবার বিবাহ অভিযান’ পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও একই সঙ্গে মুক্তি পাচ্ছে। এ বিষয়ে আমি নিশ্চিত নই। তবে এখানকার দর্শক আমাকে বলেছেন, তারা বাংলাদেশি কনটেন্ট দেখতে পছন্দ করেন।
অনেক অভিনয়শিল্পী এখন ওটিটিতে নিয়মিত। এ নিয়ে নিজের পরিকল্পনা সম্পর্কে ফারিয়া বলেন, এখন আমি সিনেমা নিয়েই বেশি ব্যস্ত। চলতি বছর দুটি ছবি শেষ করেছি- ‘আবার বিবাহ অভিযান’ ও ‘ফুটবল ৭১’। এপ্রিলে বাংলাদেশে আরো একটি সিনেমার শুটিং করব। আমি খুবই আনপ্রেডিক্টেবল, ফলে ভবিষ্যতে মন বদলে ওয়েব সিরিজও করতে পারি।