ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

আগের মতো ভাই-বোন সম্পর্ক নিয়েই এগিয়ে যেতে চাই: প্রভা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৯, ৩ এপ্রিল ২০২৩
আগের মতো ভাই-বোন সম্পর্ক নিয়েই এগিয়ে যেতে চাই: প্রভা
প্রভা

সাংবাদিকদের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান করে সম্পর্কটা ভাই-বোনের মতোই এগিয়ে নিতে চান অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। রোববার এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ কথা জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

ঢালাওভাবে সাংবাদিকদের নয়, শুধু দু-একটি ঘটনার কথা উল্লেখ করেছেন জানিয়ে প্রভা বলেন, আমি কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো ধরণের অভিযোগ করিনি ও করছি না। আমি বলেছিলাম কতিপয় অসত্য নিউজ ও আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনায় আমার এখন ভয় হয়। আপনারা ভয়ের কারণ জানতে চাইলে আমি শুধুমাত্র আমার সঙ্গে ঘটে যাওয়া একটি দুটি ঘটনার উদাহরণ দিয়েছি। যে ঘটনাগুলো ওই সময়ই সমাধান হয়ে গেছে। তখনই সংশ্লিষ্ট সাংবাদিক ভাইয়েরা সরি বলেছেন। ঘটনার পরেও তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হয়ে গেছে। ছোটবেলা থেকেই জেনে এসেছি, মানুষ যখন তার ভুল বুঝতে পারে তখন ক্ষমা করে দেয়াই উত্তম। তাই সংশ্লিষ্ট সাংবাদিকসহ কোনো সাংবাদিকের বিরুদ্ধেই আমার কোনো অভিযোগ আগেও ছিলনা, এখনো নেই। তাই আমার চাওয়া আপনাদের সঙ্গে আমার অহেতুক ভুল বোঝাবুঝির অবসান হোক। আমরা আগের মতো ভাই বোন সম্পর্ক নিয়ে এগিয়ে যাই।’

সাংবাদিকদের উদ্দেশে প্রভা বলেন, আমি আমার বিপদ আপদে বা নানা ধরনের সমস্যায় পরিবার ও সহকর্মীদের পাশাপাশি সবসময় আপনাদের পাই। তাই আমি মনে করি বিগত দিনের মতো সামনের দিনগুলিতে আনন্দ বেদনায় আপনারাই আমার সঙ্গী হবেন।

শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলে ভালো লেগেছে জানিয়ে অভিনেত্রী বলেন, শনিবার অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ আয়োজিত লিগ্যাল উইংস ঘোষণা ও  সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত ছিলেন। অনেকদিন পরে আপনাদের সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে।

কারো বিরুদ্ধেই কোনো অভিযোগ নেই জানিয়ে সাদিয়া জাহান প্রভা বলেন, আপনাদের অবগতির জন্য আবার বলছি, আমার কোনো সাংবাদিকের বিরুদ্ধেই কোনা অভিযোগ নেই। একজনকে দিয়ে পুরো কমিউনিটিকে অভিযুক্ত করার মানুষ আমি নই। তবুও কোন সাংবাদিক ভাই ও বোনেরা আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন। আপনাদের ভালোবাসায় রাখবেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
ট্যাগ: প্রভা
লিংক সফলভাবে কপি হয়েছে!