সন্তানের বাবা সম্পর্কে নতুন মন্তব্য, ফের আলোচনায় অপু বিশ্বাস
বিয়ে নিয়ে নানা ঝামেলার মধ্যেই এক পর্যায়ে বিচ্ছেদ হয় শাকিব খান ও অপু বিশ্বাসের। কয়েক বছর পর আরেক চিত্রনায়িকা শবনম বুবলী জানান, শাকিবের সঙ্গে তার বিয়ে হয়েছে। এরপরই এক সঙ্গে ছেলে শেহজাদ খান বীরের ছবি ফেসবুকে প্রকাশ করেন শাকিব-বুবলী।
অপু বিশ্বাসের পর্ব শেষ হলেও শাকিবের সঙ্গে বুবলীর মধ্যকার সম্পর্ক নিয়ে শুরু থেকেই ছিল ধুম্রজাল। ঢালিউড সুপার স্টার একাধিকবার জানিয়েছেন, বুবলীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বিপরীতে বুবলী বারবার শাকিবকে তার স্বামী হিসেবে দাবি করছেন। যা নিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ নানা মহলে সমালোচনার শেষ নেই।
সম্প্রতি শাকিব-বুবলী ইস্যুটি টক অব দ্য টাউন। দুজনই নিজের মতো করে বিভিন্ন সংবাদমাধ্যমে বক্তব্য দিচ্ছেন। এসবের মধ্যেই নতুন আলোচনার জন্ম দিলেন শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস।
অতীতে ক্যারিয়ার ও সংসার জীবনে শাকিব খানের সঙ্গে নানা বিতর্কে জড়ালেও অপু বিশ্বাস শুরু থেকেই ছেলে আব্রাহাম খান জয়ের বাবার মঙ্গল কামনা করেছেন। শাকিবের সঙ্গে বিচ্ছেদ হলেও তার প্রতি যে শ্রদ্ধা ও ভালোবাসা অটুট রয়েছে- এমন আভাসই দিলেন এ ঢালিউড কুইন।
সব সময়ই নতুন সিনেমার জন্য শাকিব খানকে শুভকামনা জানিয়েছেন অপু বিশ্বাস। এবারও তার ব্যতিক্রম হয়নি।
সম্প্রতি শাকিব প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, সব কিছুর বাইরে আমার সন্তানের বাবা তিনি (শাকিব)। যাই কিছু হোক না কেন, আমি তার কোনো ক্ষতি চাইব না। তার নতুন সিনেমার জন্যও শুভকামনা রইল।