‘আর পারছি না’, মুখের ওপর প্রযোজকের টাকা ফেরত সামান্থার
সামান্থা রুথ প্রভু। দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বড় নাম। তার অভিনয়ের ভক্তসংখ্যাও নেহাতই কম নয়। অভিনেত্রী নিজেকে একজন প্যান-ইন্ডিয়া তারকা হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন। কারণ তার ভক্তরা সারা দেশে ছড়িয়ে রয়েছে। দ্য ফ্যামিলি ম্যান টু-এর পর থেকেই তিনি পুরা ভারতে ডানা মেলেছেন, প্রতিটি অংশ থেকে ভালবাসাও পেয়েছেন। তবে শারীরিক সমস্যার কারণে সামান্থা রুথ প্রভুর জন্য গত বছরের সময়টা বেশ কঠিন ছিল। অভিনেত্রী মায়োসাইটিস নামক একটি অটো ইমিউন রোগে আক্রান্ত হয়েছিলেন।
২০২২ সালের অক্টোবরে, তিনি অনুরাগীদের জন্য খবরটি শেয়ারও করেছিলেন। সামান্থা তারপরেও তার কর্মজীবনে এর প্রভাব খুব একটা পড়ুক সেটা চাননি। বরং, আরো মনোযোগ সহকারে কাজ করে গিয়েছিলেন। নানা সমস্যার মাঝেই তার প্রোজেক্টগুলির কাজ চালিয়ে যান। তবে বর্তমানে শোনা যাচ্ছে অভিনেত্রী এক বছরের দীর্ঘ বিরতি নিতে চলেছেন।
সামান্থার হাতে বেশ কয়েকটি প্রোজেক্ট রয়েছে বর্তমানে। একদিকে তিনি বিজয় দেবেরকোন্ডার সঙ্গে কুশি ছবিটির শুটিং করছেন। আগামী তিনদিনের মধ্যেই শেষ হবে এই ছবির চূড়ান্ত শুটিং শিডিউল। এছাড়াও বরুণ ধাওয়ানের সঙ্গে সিটাডেলের ইন্ডিয়ান চ্যাপ্টারেও দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে। এই ওয়েব সিরিজের পরিচালনা করছেন রাজ ও ডিকে। এই দুটি প্রকল্প শেষ করার পরেই, সামান্থা রুথ প্রভু তার স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করার জন্য কাজ থেকে একটি দীর্ঘ বিরতি নেওয়ার পরিকল্পনা করছেন।
খবর অনুযায়ী তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য যাবতীয় চেষ্টা করছেন। অতিরিক্ত সময়ও দিচ্ছেন সব কাজে মনোনিবেশ করার জন্য। অভিনেত্রী ইতিমধ্যেই চুক্তিবদ্ধ প্রকল্পগুলির জন্য প্রযোজকদের কাছ থেকে যে অগ্রিম টাকা নিয়েছিলেন তার সবটা ফেরত দিয়েছেন বলে জানা গিয়েছে।
সামান্থা যেকোন বিষয়েই খানিক সোজাসাপ্টা। সমালোচনার পাল্টা জবাব ভালোই দিতে পারেন। তাই কোনো বিষয়েই তেমন রাখঢাক কখনোই রাখেন না তিনি। সেটা ইন্ডাস্ট্রি নিয়ে হোক বা ব্যক্তিগত জীবন নিয়ে মুহূর্তে মনের কথা মুখে আনেন অভিনেত্রী। সামান্থা রুথ প্রভু বারবার প্রমাণ করেছেন যে তিনি মনের দিক থেকে একজন যোদ্ধা এবং যেকোনও পরিস্থিতির মুখোমুখি হতে পারেন সহজেই।