সোশ্যাল মিডিয়ায় মেয়েদের প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয়। বিষয়টা খানিক যেন জলভাতের মতোই হয়ে দাঁড়িয়েছে। একের পর এক অশালীন, কদর্য মন্তব্য উপচে পড়ে! কেউ প্রতিবাদ করে আবার কেউ বা এড়িয়ে যায়। কিন্তু তাতে কি আদৌ সমস্যার সমাধান হবে? আর প্রোফাইল ব্লক, রিপোর্ট করেই বা কতদিন চলবে?
এসব প্রসঙ্গে এবার জাতীয় মহিলা কমিশনে সরব হলেন স্বস্তিকা। জাতীয় নারী কমিশনের তরফে কলকাতা থেকে একমাত্র ডাক পেয়েছেন তিনি।
.png)
ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে অভিনেত্রী লিখলেন, ‘জাতীয় মহিলা কমিশন থেকে রোজ রোজ কেউ ডাক পান না। সম্প্রতি সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল এমপাওয়ারমেন্ট নিয়ে যে সেমিনারের আয়োজন হয়েছিল, সেখানে প্যানেলিস্ট হিসেবে যোগ দিয়েছিলাম। বাংলায় এত বক্তা থাকতে একমাত্র আমিই ডাক পেয়েছি।’
তিনি আরো লেখেন, ‘আমি যেটা বিশ্বাস করি সেখানে সেই কথাই বলে এসেছি। ভুয়া নাম নিয়ে প্রোফাইল খোলা সেসব ট্রোলাররা আদতে কাপুরুষ ছাড়া কিছু নয়। নিজেদের লজ্জা দূরে সরিয়ে রেখে এবার আমাদের সময় এসেছে ওদের শিক্ষা দেয়ার। আমাদের নিরাপত্তা আমাদের হাতেই।’
স্বস্তিকা নিজেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় কদর্য মন্তব্যের শিকার হয়েছেন। পালটা জবাব দিতেও ছাড়েননি স্পষ্টভাষী অভিনেত্রী।
রুখে না দাঁড়ালে এই ঘটনার যে পুনরাবৃত্তি ঘটতেই থাকবে, তা উপলব্ধি করতে পেরেই এবার জাতীয় মহিলা কমিশনে আওয়াজ তুললেন এ অভিনেত্রী। নারীদের প্রতি কটুক্তি বা অশালীন আচরণের প্রতিবাদে সবাইকে একজোট হওয়ার আবেদন জানিয়েছেন স্বস্তিকা।