এবার সায়ন্তিকাকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন প্রযোজক
‘ছায়াবাজি’ সিনেমার প্রযোজকের সঙ্গে কলকাতার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জির সম্পর্কের অবনতি চূড়ান্ত রূপ ধারণ করেছে। এত দিন অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ ছিল।
এবার প্রযোজক সংবাদমাধ্যমে সরাসরি জানালেন, ‘ছায়াবাজি’ সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে ভারতীয় এই নায়িকাকে। মিথ্যাচারের কারণে এই বাদ দেওয়ার সিদ্ধান্ত বলে জানান তিনি।
‘ছায়াবাজি’ সিনেমায় অভিনয়ের জন্য গত আগস্টের শেষ দিকে কলকাতা থেকে ঢাকায় আসেন সায়ন্তিকা। কলকাতার এই নায়িকাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন ছবির নায়ক জায়েদ খান। বিমানবন্দরের একাধিক স্থিরচিত্রে দেখা গেছে, সায়ন্তিকার সঙ্গে ছিলেন কলকাতার পরিচালক রাজীব বিশ্বাস।
ঢাকায় নেমেই শুটিংয়ে কক্সবাজারে ছুটে যান সায়ন্তিকা। শুটিং চলার কয়েক দিন পরই কলকাতার এই নায়িকার সঙ্গে জটিলতা তৈরি হয়। এরপর শুটিং শেষ না করে চলে যান তিনি। দেশ ছাড়ার পরই প্রযোজক মনিরুল ইসলাম, নায়ক জায়েদ খান ও নায়িকা সায়ন্তিকাকে নিয়ে নানা ধরনের কথা চাউর হতে থাকে। একে অপরকে নিয়ে অসম্মানজনক ও অশ্রদ্ধাপূর্ণ কথাও বলেন। শেষ পর্যন্ত দেখা গেল, ছবিটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে।
প্রযোজক মনিরুল ইসলাম জানান, ‘ছায়াবাজি’ সিনেমায় সায়ন্তিকাকে বাদ দিয়ে তার বদলে দেশি নায়িকা নিয়ে কাজ করবেন। তিনি বলেন, ‘এত মিথ্যাচার আর নিতে পারছি না। এ ছবির কাজ আর করব না। যদি করিও, সায়ন্তিকাকে বাদ দিয়ে দেশি শিল্পী নিয়ে নতুন করে এ ছবির কাজ শুরু করব।’