লাল পাড় সাদা শাড়ি। হাতে শাঁখা, সিঁথিতে সিঁদুর। কপালে সিঁদুরে টিপ। দুই হাতে আগলে রাখা পদ্মফুল। মহালয়ার ভোরে স্নিগ্ধ সাজে ধরা দিয়েছিলেন নুসরাত। দুর্গার সাজে ভিডিও পোস্ট করে দেবীপক্ষের শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী। তবে ত্রিশূলধারী নুসরাতের মহিষাসুর বধের নৃত্যকলা দেখে পছন্দ হয়নি নেটপাড়ার। ফলে কটাক্ষ করতেও ছাড়লেন না টলিউড নায়িকাকে।
ইনস্টাগ্রাম থেকে এক্স হ্যান্ডেল, সর্বত্রই নুসরাতের মহিষাসুরমর্দিনীরূপ দেখে সমালোচনা। কেউ নায়িকাকে ‘সেক্যুলার সাজার ভান!’ বলে কটাক্ষ করলেন, তো কেউ বা আবার দুর্গার স্বল্পবসন মেনে নিতে পারলেন না। অশ্লীল ভাষায় কটাক্ষও করলেন।
.png)
তবে এবারই প্রথম দুর্গা সাজেননি নুসরাত। গত বছরও এই সাজে ধরা দিয়েছিলেন তিনি। সেবারও জর্জরিত হয়েছিলেন কটাক্ষের বাণে। এবারও হজম করতে হচ্ছে নেটাগরিকদের গালমন্দ।