সত্যিই কি ক্যানসারে আক্রান্ত সাবিনা ইয়াসমিন? মুখ খুললেন সংগীতশিল্পী
বেশ কয়েকদিন ধরেই সাবিনা ইয়াসমিনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। শোনা গিয়েছিল প্রায় ১৬ বছর পর ফের ক্যানসারে আক্রান্ত সাবিনা। বর্তমানে তার চিকিত্সা চলছে সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যানসার সেন্টারে।
সেসময় দেশীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, এবার ওরাল ক্যানসারে আক্রান্ত হয়েছেন সাবিনা। ইতোমধ্যেই নাকি তার একটি অস্ত্রোপচার হয়ে গিয়েছে। রেডিও থেরাপিও শুরু হবে শীঘ্রই।
এমন খবর গায়িকার চোখে পড়তেই এক অডিও বার্তায় দেশীয় গণমাধ্যমকে তিনি জানান, ক্যানসারে আক্রান্ত হননি।
.png)
সাবিনা ইয়াসমিন জানান, ‘আমি আপনাদের সাবিনা ইয়াসমিন। আমার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কিছু কথা বলতে চাই। আপনারা জানেন, ২০০৭ সালে আমার অসুস্থতার কথা। তারপর থেকে প্রতিবছর নিয়মিত চেকাপের জন্য সিঙ্গাপুর যেতে হয়। এবারও ব্যতিক্রম হয়নি। তবে এবার চেকাপে এসে আমার দাঁতের একটা সমস্যা দেখা যায়। চিকিৎসক আমাকে সেটা রিমুভ করতে বলেন। তারই প্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারি ছোট একটা সার্জারির মাধ্যমে তা সম্পন্ন হয়।’
শিল্পী বলেন, ‘ডাক্তারের সঙ্গে আমার পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট মার্চের ১৫ তারিখে। ততদিন পর্যন্ত আমি চিকিৎসকের পর্যবেক্ষণেই থাকবো। অ্যাপয়েন্টমেন্টের পর চিকিৎসক যেভাবে বলবেন, সেভাবেই চলবো। তারপরই আপনাদের দোয়ায় দেশে ফিরে আসবো ইনশাআল্লাহ। সবার প্রতি একটা অনুরোধ; অযথা কেউ বিভ্রান্তিমূলক তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে দিয়ে জাতিকে বিভ্রান্তিতে ফেলবেন না। যা আমার এবং বিশ্বের আনাচেকানাচে ছড়িযে থাকা ভক্তদের জন্য কষ্টের কারণ হয়।
প্রসঙ্গত, প্রায় পাঁচ দশক ধরে গানের জগতে রয়েছেন একুশে পদক এবং দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত সাবিনা ইয়াসমিন। বাংলাদেশে রুলা লায়লা ছাড়া তার মতো খুব কম শিল্পীই এতদিন দাপটের সঙ্গে গানের জগতে রয়েছেন। মাত্র ৭ বছর বয়সে স্টেজে আবির্ভাব। রেডিও, টিভি নিয়মিত গান করতেন। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’, ‘মধুর জোছনা দীপালি’ ছায়াছবিতে গান গাওয়া শুরু করেন।
বাংলাদেশের পাশাপাশি ভারতের একাধিক ছবিতেও গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন। গান করেছেন কিশোর কুমার, মান্না দের সঙ্গে। ১৯৮৪ সালে তাকে একুশে পদক দিয়ে সম্মানিত করা হয়। পাশাপাশি দেশের অধিকাংশ অসামরিক সম্মান পেয়েছে প্রথিতযশা এই শিল্পী। ছবিতে সেরা কণ্ঠশিল্পী হিসেবে মোট ১৪ জাতীয় পুরস্কার রয়েছে তার ঝুলিতে।