ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সদ্যোজাত ছেলেকে নিয়েই ব্যস্ত অনুশকা, মেয়েকে নিয়ে লন্ডনে বিরাট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
সদ্যোজাত ছেলেকে নিয়েই ব্যস্ত অনুশকা, মেয়েকে নিয়ে লন্ডনে বিরাট
ফাইল ছবি

গত সপ্তাহে বিরাট কোহলি ও আনুশকা শর্মা তাদের পুত্র সন্তানের জন্মের কথা ঘোষণা করেন। ২০২১ সালে এই দম্পতির মেয়ে ভামিকার জন্ম হয়। ফের একবার বাবা-মা হয়েছেন বিরাট-অনুশকা। এবার দেশ থেকে দূরে লন্ডনে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বিরাট ঘরণী অনুশকা। গত ২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার ছেলের জন্মের কথা জানিয়েছিলেন বিরাট কোহলি।

দুই সন্তানকে নিয়ে আপাতত লন্ডনেই রয়েছেন তারকা দম্পতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উঠে এসেছে মেয়ে ভামিকার সঙ্গে বিরাটের ছবি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে উঠে আসা ছবিতে দেখা যাচ্ছে লন্ডনের এক রেস্তোরাঁয় মেয়েকে নিয়ে মধ্যাহ্নভোজ সারছেন বিরাট কোহলি। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ভামিকার সঙ্গে লন্ডনে দেখা গিয়েছে বিরাটকে। ছবিটি যে পিছন থেকে তোলা হয়েছে তা স্পষ্ট। দেখা যাচ্ছে, বিরাট ও ভামিকা একটা টেবিল-চেয়ারে বসে খাবার খাচ্ছেন। দু’জনেরই পরনে ছিল সাদা-কালো পোশাক। ছবিটির প্রতিক্রিয়ায় নানান মন্তব্য করেছেন নেটিজেনরা।

কেউ লিখেছেন, ‘বাবা-মেয়ে জুটি যখন সময় কাটাচ্ছেন, তখন মা ও ছেলে একে অপরের সঙ্গে রয়েছেন।’ কেউ লিখেছেন, ‘যিনি ছবি তুলেছেন তার এভাবে লুকিয়ে থাকা উচিত হয়নি’। কারোর মন্তব্য, ‘পিছন থেকে ভামিকার পনিটেল করা চুল থেকে ওকে কত বড় মেয়ে মনে হচ্ছে। খুবই সুন্দর, মনে হচ্ছে অনুশকার জুনিয়র ভার্সনকে দেখছি।’

বিরাট-অনুশকার প্রথম সন্তান, ভামিকার বয়স মাত্র ৩। এরই মাঝে ১৫ ফেব্রুয়ারি তারা স্বাগত জানিয়েছেন দ্বিতীয় সন্তানকে। ছেলের নাম রেখেছেন অকায়। ছেলে হওয়ার ৫ দিনের মাথায় বিরাট-অনুশকা যৌথ বিবৃতি দিয়ে জানান, ‘আমাদের হৃদয় এখন প্রচুর সুখ এবং ভালবাসায় পূর্ণ। আমরা সবাইকে জানাতে চাই ১৫ ফেব্রুয়ারি, আমরা আমাদের শিশু ছেলে অকায় এবং ভামিকার ছোট ভাইকে এই পৃথিবীতে স্বাগত জানিয়েছি।’

প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে গাঁটছড়া বাঁধেন বিরাট-আনুশকা। ২০২১ সালের ১১ জানুয়ারি ভামিকার জন্ম হয়। যদিও দ্বিতীয় অন্তঃসত্ত্বা বিষয়ে কোনো মন্তব্যই করেননি বিরাট-অনুশকা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!