পরিবেশনা প্রতিষ্ঠানের হিসাবমতে, একক ও মাল্টিপ্লেক্স মিলে রেকর্ডসংখ্যক ১২৭টি হলে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ ছবিটি। জানা গেছে, ১১৭টি একক হল ও মাল্টিপ্লেক্সের ১০টি পর্দায় চলবে ছবিটি। দ্বিতীয় সর্বোচ্চ হল পেয়েছে ‘ওমর’। ২১ হলে মুক্তি পাচ্ছে ছবিটি। এর মধ্যে ১৩টি একক হল ও মাল্টিপ্লেক্সে ৮টি হল।
এ ছাড়া ‘কাজলরেখা’ মুক্তি পাচ্ছে শুধু মাল্টিপ্লেক্সের সাতটি হলে। একক হল ও মাল্টিপ্লেক্স মিলে ১৩টি হলে মুক্তি পাচ্ছে ‘দেয়ালের দেশ’। এই তিন ছবিরই নায়ক শরীফুল রাজ। একক ও মাল্টিপ্লেক্স মিলে আটটি হলে মুক্তি পাচ্ছে পূজা চেরীর ‘লিপস্টিক’ ছবিটি।
.png)
অন্যদিকে নওশাবা অভিনীত ‘মেঘনা কন্যা’ শুধু মাল্টিপ্লেক্সের পাঁচটি হলে মুক্তি পাচ্ছে। জায়েদ খানের ‘সোনার চর’ মুক্তি পাবে একক ও মাল্টিপ্লেক্স মিলে সাতটি হলে। ‘আহারে জীবন’ মুক্তি পাচ্ছে মাল্টিপ্লেক্সের পাঁচটি হলে। অনেক দিন পর এই ছবিতে জুটি বেঁধেছেন ফেরদৌস ও পূর্ণিমা। মাল্টিপ্লেক্স ও একক মিলে পাঁচটি হলে মুক্তি পাচ্ছে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’। এ ছাড়া নবাগত সুপ্রভাত অভিনীত ‘জ্বীন–২’ মাল্টিপ্লেক্সের ছয়টি হলে চলবে। একক ও মাল্টিপ্লেক্স মিলে ৯টি হলে মুক্তি পাবে জিয়াউল রোশানের ‘মায়া দ্য লাভ’।