ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আবারো রাফির সিনেমায় তমা মির্জা, কমালেন ওজন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০০, ৯ সেপ্টেম্বর ২০২৪
আবারো রাফির সিনেমায় তমা মির্জা, কমালেন ওজন
ফাইল ছবি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। সর্বশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে নজর কেড়েছিলেন। সিনেমাটি পরিচালনা করেছিলেন ঢালিউড নির্মাতা রায়হান রাফি। এবার একই পরিচালকের আরো একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তমা মির্জা। নতুন চরিত্রের জন্য ঘাম ঝরাচ্ছেন তিনি।

প্রথম ধাপ হিসেবে ৫ কেজি ওজন কমালেন তমা মির্জা। নিয়ম করে ব্যায়াম আর খাবারের রুটিনে পরিবর্তন করেছেন এতদিন। এবার শুটিংয়ের জন্য প্রস্তুত।

এরই মধ্যে ব্যায়ামের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তমা মির্জা। কেন এত পরিশ্রম? জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন সিনেমার শুটিং শুরু হবে। তাই গত কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছে, নিয়মিত ব্যায়াম করছি। খাদ্যাভ্যাসেও পরিবর্তন এনেছি। এরই মধ্যে ৫ কেজি ওজন কমে গেছে। সামনের মাসে শুটিংয়ে যাব।’

Advertisement

কথার ফাঁকেই সতর্ক করে দেন অভিনেত্রী, ‘সিনেমার, নির্মাতা বা নায়ক একটা নামও এখন বলা যাবে না।’ জানালেন, চমক আছে। সেসব তথ্য জানতে আর অল্প কিছু দিন অপেক্ষা করতে হবে।

তবে সূত্রের খবর আফরান নিশোর সঙ্গে ফের পর্দায় ফিরছেন তিনি। নির্মাতা রায়হান রাফি। সিনেমার নাম ‘অসিয়ত’। এমনটাই জানায় বিশ্বস্ত একটি সূত্র।

এদিকে তমা মির্জা এবং রায়হান রাফির মধ্যে প্রেমের গুঞ্জন ছিল অনেক আগে থেকেই। মিডিয়া পাড়াতে গুঞ্জন নির্মাতার সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই রাফির সিনেমায় অভিনয় করেন তমা। তবে প্রকাশ্যে এ বিষয়ে কেউ মুখ খুলেননি কখনো।

এছাড়া ভারতীয় গায়ক ও চলচ্চিত্রকার অঞ্জন দত্তের পরিচালনায় একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘দুই বন্ধু’ নামে একটি মিউজিক্যাল ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। পরিচালনার পাশাপাশি সিরিজটিতে অভিনয়ও করছেন অঞ্জন দত্ত। সিনেমায় তমা মির্জা ছাড়া আরো থাকছেন দুই বাংলার একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!