ওয়েব সিরিজটি দেখে দর্শক আশা করেছিলেন পরের পর্বের। শেষ দৃশ্যেও দ্বিতীয় অধ্যায়ের আঁচ পেয়েছিলেন তারা। এরপর কয়েক বছর কেটে গেলেও ‘গুটি ২’ আসেনি।
কেন্দ্রীয় চরিত্রে রূপদানকারী বাঁধনকে বিভিন্ন সময় প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে গুটির পরবর্তী অধ্যায় নিয়ে। তিনি বরাবরই প্রযোজনা সংস্থা ও নির্মাতাদের দেখিয়েছেন। এবার বিষয়টি নিয়ে কথা বললেন ‘গুটি’র নির্মাতা শঙ্খ দাসগুপ্ত।
.png)
তিনি বলেন, ‘‘গুটি’ যখন করা হয় তখন ওই গল্পটা মাথায় রেখেই কাজ করা হয়েছিল। এর পরবর্তী পর্ব আসবে এরকম কোনো ভাবনা ছিল না। সে কারণেই ‘গুটি ২’ আসেনি। তারপর আমি প্রিয় মালতিসহ আরও কাজ করেছি। চা গরম আসছে। অর্থাৎ ভিন্ন ভিন্ন জনরায় নিজেকে এক্সপ্লোর করছিলাম। ভিন্ন ভিন্ন আর্টিস্টদের সঙ্গে কাজ করছিলাম। এখনও সেটাই করছি। অন্য কাজ নিয়ে ব্যস্ত আছি।’’
তার কথায়, ‘‘গুটি’ হয়তো দর্শকের খুব ভালো লেগেছে এবং শেষটায় হয়তো তারা এরকম আঁচ পেয়েছিলেন বলে আরও একটি পর্ব আশা করেছিলেন। কিন্তু আমার চিন্তায় এরকম কিছু ছিল না, এখনও নেই।’’
তবে নিরাশও করলেন না শঙ্খ। ভবিষ্যতের ওপর ফেলে রাখলেন। বললেন, ‘‘তার মানে যে ‘গুটি’ যে আর আসবে না তাও কিন্তু না। কখনও যদি মনে হয় তবে আসতে পারে।’’
‘গুটি’তে ড্রাগ ডিলার সুলতানার চরিত্রে ধরা দিয়েছিলেন বাঁধন। তার বিপরীতে ছিলেন শাহরিয়ার নাজিম জয়। এতে আরও ছিলেন মৌসুমী হামিদ, নাসির উদ্দিন খান, আরফান মৃধা শিবলু প্রমুখ।