বাংলাদেশি নার্সদের সুনাম কুয়েতে, বেড়েছে চাহিদা
আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটিতে প্রতিনিয়ত তৈরি হচ্ছে স্কুল-কলেজ, হাসপাতাল ও রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা। এসব খাতে প্রচুর জনশক্তি প্রয়োজন। বর্তমানে দেশটির সরকার দক্ষতাকে প্রাধান্য দিয়ে বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ দিচ্ছে।
এরই ধারাবাহিকতায় নতুন করে দক্ষ জনশক্তি নিচ্ছে কুয়েত। এতে ভারতীয় এবং ফিলিপিনোদের পাশাপাশি চাহিদার শীর্ষে রয়েছেন বাংলাদেশি নার্সরা।
কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশনের তথ্যমতে, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশটির জনসংখ্যা ৪৭ লাখ ৩৬ হাজার ৭৭৮ জন। এর মধ্যে ২ লাখ ৫৬ হাজার ৮৪৯ জন বাংলাদেশি।
.png)
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুয়েতের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে নতুন করে বাংলাদেশি, ভারতীয় ও ফিলিপিনো নার্স নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। এরই মধ্যে কুয়েতের বিভিন্ন হাসপাতালে সেবা দিয়ে সুনাম কুড়াচ্ছেন সাড়ে ৬০০ বাংলাদেশি নার্স।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, কুয়েতের শ্রমবাজারে নতুন করে বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগের চেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশ দূতাবাস।
উল্লেখ্য, ২০২২ সালে বাংলাদেশ থেকে কুয়েতে বিভিন্ন খাতে ২২ হাজার জনশক্তি গিয়েছে। সম্প্রতি দেশটির সংবাদমাধ্যমে নির্দিষ্ট কিছু খাতে শ্রমিক সংকট মেটাতে ভারসাম্য রক্ষা করে কুয়েতে যেসব দেশের শ্রমিকের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেসব দেশ ছাড়া নতুন দেশ থেকে শ্রমিক নেয়ার পরিকল্পনা করা হয়েছে।