অসুস্থ মাকে বাঁচানোর জন্য দিতে হবে একটি কিডনি। কিডনিদাতা পাওয়া না যাওয়ায় নিজের অবিবাহিত মেয়ে রাজি হন। কিন্তু এতে আপত্তি জানান সদ্য এনগেজমেন্ট হওয়া হবু বর। আর তাই বাধ্য হয়ে ওই তরুণী ভেঙে দিলেন নিজের বিয়ে। ২৫ বছরের এই তরুণী মাকে বাঁচানোর জন্যে দান করলেন নিজের একটি কিডনি।
ভারতের বেঙ্গালুরুর ওল্ড এয়ারপোর্ট রোডে অবস্থিত মণিপাল হাসপাতালে ঘটনাটি ঘটেছে।
.png)
ওই তরুণীর এই পদক্ষেপে অবাক হয়েছেন হাসপাতালের নেফ্রোলজিস্ট এবং ট্রান্সপ্লান্ট সার্জেনরাও। সাধারণত কম বয়সী অবিবাহিত মহিলাদের কিডনি দান করতে উত্সাহ দেয়া হয় না, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। কিন্তু এই মেয়েকে দাবিয়ে রাখা সম্ভব হয়নি কোনো কারণ দেখিয়ে। ২১ জুলাই সফলভাবেই হয়েছে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার।
মণিপাল হাসপাতালের নেফ্রোলজিস্ট ডা. শংকরণ সুন্দর জানিয়েছেন, তরুণীর এই সিদ্ধান্তের কথা জানার পর, ওর বাবাকে বলি তিনি সত্যিই খুব ভাগ্যবান এমন এক কন্যা সন্তানের বাবা হতে পেরে।
মেয়ের এমন কাজে একাধারে গর্বিত ও আবেগাপ্লুত বাবা অবশ্য ডা. সুন্দরকে জানিয়েছেন, তাদের পরিবারকে অনেক কথা শুনতে হয়েছে দুই কন্যা সন্তান থাকার জন্যে। কিন্তু শেষ পর্যন্ত তার মেয়েই তো পরিবারকে বাঁচাল।
ডেইলি বাংলাদেশ/এমকে